চাঁদপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল- ২ এ শনিবার বিকেলে আগুন ধরে যায়। তবে দমকল বাহিনী ও লঞ্চ কর্মচারীদের তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা হয়নি। আতঙ্কিত যাত্রীদের কেউ কেউ নদীতে ঝাঁপ দিতে গিয়ে বা ছোটাছুটি করায় সামান্য আহত হন।
এমভি ঈগল- ২ লঞ্চের সুপারভাইজার মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপর আড়াইটার দিকে ঢাকা থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ছাড়ে। এর ১৫ মিনিট পর ফতুল্লার কাছে লঞ্চের ইঞ্জিনে আগুন ধরে যায়। ফতুল্লা থেকে আসা দমকল কর্মী ও লঞ্চের কর্মচারীদের চেষ্টায় প্রায় ১৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সুপারভাইজার আলমগীর বলেন, "দুর্ঘটনার সময় আতঙ্কিত অনেক লঞ্চযাত্রী নদীতে ঝাঁপ দেন। অনেকে আবার লঞ্চের ভেতরই ছোটাছুটি করতে থাকেন। এ সময় অন্তত ২৫ জন আহত হন।"
লঞ্চের ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণে আগুন ধরে যায় বলে তিনি জানান।
দুঘটনার পর 'স্বর্ণদ্বীপ' নামের একটি লঞ্চে যাত্রীদের চাঁদপুর পাঠানো হয়েছে। ঈগল- ২ লঞ্চটি বর্তমানে ঢাকায় রয়েছে।
বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের উপ-পরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈগল- ২ লঞ্চের ইঞ্জিন রুমে সমস্যা হওয়ায় আগুন ধরে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৩৬ ঘ.
bdnews24