২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে বাখরাবাদ গ্যাস লাইনে বিষ্ফোরণ, দশ ঘণ্টা সরবরাহ বন্ধ

ফেনী-মাইজদী সড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে শনিবার ভোরে গ্যাস লাইন বিষ্ফোরণ ঘটে। এতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১৪ উপজেলায় প্রায় দশ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ফেনী, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী-মাইজদী সড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে শনিবার ভোরে গ্যাস লাইন বিষ্ফোরণ ঘটে। এতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১৪ উপজেলায় প্রায় দশ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফেনীর বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ওই এলাকার আলম রাইস মিলের দক্ষিণ পাশে গ্যাস লাইনের 'ছয় ইঞ্চি ইনসুলেটিং' সংযোগস্থলের পাইপ ফেটে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে গ্যাস নির্গত হতে থাকলে ফেনীর সঞ্চালন কেন্দ্র থেকে সরবরাহ সুইচ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ফেনীর জায়লস্কর বিডিআর ক্যাম্প থেকে দাগনভূঞা উপজেলা, নোয়াখালীর চৌমুহানী, মাইজদীসহ গোটা জেলা এবং লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুমিল্লা থেকে বাখরাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (বাজারজাতকরণ) আ ক ম আবদুস সালাম, উপ মহাব্যবস্থাপক সাঈদুল আলম, ফেনীর ব্যবস্থাপক শহীদুল হক ও মাইজদীর ব্যবস্থাপক আনিছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে বাখরাবাদের টেকনেশিয়ান বোরহান উদ্দিন জানান, বেলা পৌনে দুইটার দিকে নেয়াখালীর বাইপাস লাইন চালু করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে মেরামত কাজ শেষ হলে অন্য এলাকায় আবার গ্যাস সরবরাহ চালু হবে। বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, 'ইনসুলেটিং' সংযোগস্থলের পাইপ ফেটে এই বিস্ফোরণ হয়েছে। তিনি জানান, দাগনভূঞা, পশুরাম ও সেনবাগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮০১ ঘ.