সাতক্ষীরা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "আপনারা আন্দোলনে লেগে থাকুন, হাল ছাড়বেন না। কোনও না কোনও সময় অবশ্যই দেশ দুর্নীতিমুক্ত হবে।"
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান শনিবার সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী শোভাযাত্রা শুরুর আগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে এ কথা বলেন।
হাসান মশহুদ বলেন, "দুর্নীতিমুক্ত সমাজের জন্য সব পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ আন্দোলন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।"
দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে।
হাসান মশহুদ চৌধুরীর নেতৃত্বে ওই শোভাযাত্রায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রার পর হাসান মশহুদ চৌধুরী সাতক্ষীরা সার্কিট হাউজে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। দুর্নীতিমুক্ত দেশ গড়তে কমিটির সদস্যদের সবসময় সচেষ্ট থাকার আহ্বান জানান হাসান মশহুদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24