২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুট্টো এলেন ঢাকায়

প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আহ্বানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুুট্টো শেষ পর্যন্ত কঠোর সামরিক প্রহরায় ঢাকায় এলেন। তার সঙ্গে এলেন ১২ জন উপদেষ্টা। ঢাকা পৌঁছার দু'ঘন্টা পরই প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় ভুট্টোর। ইয়াহিয়া আওয়ামী লীগের প্রস্তাবের সারাংশ ভুট্টোকে জানিয়ে দিলেন। এর আগে বঙ্গবন্ধুর সঙ্গে এক ঘন্টার এক অনির্ধারিত বৈঠক হয় ইয়াহিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 04:49 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

১৯৭১ সালের ২১ মার্চ । প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আহ্বানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুুট্টো শেষ পর্যন্ত কঠোর সামরিক প্রহরায় ঢাকায় এলেন। তার সঙ্গে এলেন ১২ জন উপদেষ্টা। ঢাকা পৌঁছার দু'ঘন্টা পরই প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় ভুট্টোর। ইয়াহিয়া আওয়ামী লীগের প্রস্তাবের সারাংশ ভুট্টোকে জানিয়ে দিলেন। এর আগে বঙ্গবন্ধুর সঙ্গে এক ঘন্টার এক অনির্ধারিত বৈঠক হয় ইয়াহিয়ার। আওয়ামী লীগের প্রস্তাবে ছিল সামরিক আইন প্রত্যাহার ও পাঁচ প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি। এতে পূর্ব পাকিস্তানকে ৬ দফার ভিত্তিতে পূর্ণ স্বায়ত্ত্বশাসন দানের দাবিও করা হয়। পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলো নিজেদের স্বায়ত্ত্বশাসনের বিষয়টি নিজেরা স্থির করবে। এ প্রস্তাবে দুই পাকিস্তানের বীজ আছে মন্তব্য করে ভুট্টো তা প্রত্যাখ্যান করেন। এদিকে সামরিক উপদেষ্টাসহ ঢাকায় নিয়ে আসা পশ্চিমা জেনারেলদের সঙ্গে নিয়ে সামরিক প্রস্তুতি চূড়ান্ত করছিলেন ইয়াহিয়া। প্রতিদিন পিআইএ-র ৬ থেকে ১৭টি পর্যন্ত বিমান সৈন্য ও রসদ নিয়ে শ্রীলঙ্কা হয়ে ঢাকা আসছিল। এদিন সামরিক আইন কর্তৃপক্ষের আগের দিনের নির্দেশ অনুযায়ী পুলিশ চট্টগ্রামের আন্দরকিল্লার অস্ত্রের দোকানগুলো থেকে অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে নেওয়ার চেষ্টা করে জনগণের বাধায় ব্যর্থ হয়। পরে সর্বসম্মতিক্রমে এ দোকানগুলোতে দুটি তালা লাগানো হয়। এর চাবি যৌথভাবে জনগণের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের একজন নেতা এবং জেলা প্রশাসনের কাছে রাখার সিদ্ধান্ত হয়।