মানিকগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাটুরিয়া উপজেলায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু আক্রান্ত হওয়ায় বুধবার রাতে গণকল্যাণ ট্রাস্টের হ্যাচারির আট হাজার মুরগি নিধন ও ৪১ হাজার ডিম ধ্বংস করা হয়েছে।
জেলা পশুসম্পদ কর্মকর্তা হোসেন আহম্মদ জানান, গণকল্যাণ ট্রাস্ট্রের হ্যাচারিতে গত রোববার হঠাৎ করে অর্ধশত মুরগি মারা যায়। সোমবার মৃতের সংখ্যা বাড়তে থাকায় ওই দিন মানিকগঞ্জের আঞ্চলিক পশুরোগ গবেষণা কেন্দ্রে নমুনা পাঠানো হয়। গবেষণা কেন্দ্রে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস সনাক্ত হয়। আরও নিশ্চিত হওয়ার জন্য সোমবারই সাভার পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে নমুনা পাঠানো হয়। সেখানেও পরীক্ষায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিশ্চিত করা হয়।
এরপর বুধবার রাতে ওই হ্যাচারির তিন হাজার ৫৩৭টি মুরগি, চার হাজার ৫৫০টি একদিনের বাচ্চাসহ এবং এর আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকায় ১৩৬টি গৃহস্থালির হাঁস মুরগি নিধন করা হয়। ধ্বংস করা হয় হ্যাচারির ৪১ হাজার ২৩৭টি ডিম।
জেলা পশু সম্পদ কর্মকর্তা জানান, আগামী তিন মাস গণকল্যাণ ট্রাস্টের হ্যাচারির উৎপাদনসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গণকল্যাণ ট্রাস্ট হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক আনসারুল হক পলাশ বলেন, মুরগি নিধন ও ডিম ধ্বংস করার কারণে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০১ ঘ.
bdnews24