২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও আশেপাশে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

রাজধানীসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় হালকা ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীসহ আশপাশের এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় হালকা ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীসহ আশপাশের এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীসহ সাভার, টাঙ্গাইল, ময়মনসিংহ এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। তীব্রতার দিক থেকে এটি হালকা ধরনের ভূমিকম্প।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে একটি ভূ-কম্পন হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। মোডিফাইড মারকারি স্কেলে এর তীব্রতা ঢাকায় চার এবং সাভার ও টাঙ্গাইলে ছয়।" তিনি বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৯৩ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে এবং টাঙ্গাইলের ৩০ কিলোমিটার উত্তরে। মধুপুরচ্যূতি এর উৎপত্তিস্থল। তিনি জানান, ভূতত্ত্ব বিভাগের আর্থ অবজারভেটরি থেকে এ তথ্য পাওয়া গেছে। আর্থ অবজারভেটরির তত্ত্ববধায়ক হিসাবে দায়িত্বরত অধ্যাপক হুমায়ুন আরও বলেন, এ ধরনের মাঝারি আকারের ভূমিকম্প জানিয়ে দিচ্ছে যে এ অঞ্চলে এ চ্যূতি সক্রিয় হয়ে উঠছে। এটা বড় ধরনের ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। মধুপুরচ্যূতি উত্তর-দক্ষিণে ১০০ কিলোমিটার বিস্তৃত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী বার্তা সম্পাদক সুমন কায়সার টাঙ্গাইল থেকে জানান, জেলা শহর ও আশেপাশেও ভূকম্পন স্পষ্ট টের পাওয়া যায়। উৎকণ্ঠিত লোকজন কী ঘটেছে তা নিয়ে অপরের কাছে শুনতে চায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শহরের বিভিন্ন স্থানে ভূ কম্পন অনূভূত হয়। আতঙ্কে মানুষ বাড়ি-ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এমএইচসি/এমএইচবি/২০২৩ ঘ.