ঢাকা,মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা দিতে দেরি হওয়ায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি খাবার দোকানের কর্মচারিকে একজন র্যাব কর্মকর্তা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
হোটেল জান্নাত এর মালিক হাজী মোহাম্মদ ইউনূস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাদা পোশাকের একজন দোকানের সামনে মটর সাইকেল থামিয়ে তার ওপর বসে চায়ের অর্ডার দেয়।
তিনি অভিযোগ করেন, চা দিতে একটু দেরি হওয়ায় হোটেল কর্মচারি এমদাদকে ওই ব্যক্তি মারপিট করে ও 'ক্রসফায়ারের' হুমকি দেয়। আশপাশের লোকজন জড়ো হলে মোটর সাইকেল আরোহী নিজের নাম কাওনাইন ঢালি এবং র্যাব সদস্য পরিচয় দিয়ে দ্রুত চলে যায়।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
র্যাব- ২ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সম্পর্কে বলেন, "বিষয়টি তেমন কিছু নয়। চা দিতে দেরী হওয়ায় র্যাবের ইন্সপেক্টর কাওনাইন ঢালি হোটেলের ওই ছেলেটিকে চড় থাপ্পড় দিয়েছে মাত্র। আর হোটেলের মালিক লোকটিও ভাল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৯০৯ ঘ.
bdnews24