২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চিকিৎসার ব্যাপারে রোববারের মধ্যে প্রতিবেদন

শেখ হাসিনার চিকিৎসার ব্যাপারে আগামী রোববারের মধ্যে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন দেবে স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেল। চিকিৎসক প্যানেলের সদস্য এ বি এম সারোয়ার-ই-আলম বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার চিকিৎসার ব্যাপারে আগামী রোববারের মধ্যে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন দেবে স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেল। চিকিৎসক প্যানেলের সদস্য এ বি এম সারোয়ার-ই-আলম বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্যানেলের সদস্য এম জিয়াউল হক, মীর্জা নাজিম উদ্দিন ও স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার জন গোমেজ সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন। সারোয়ার-ই-আলম বলেন, "এ পর্যন্ত শেখ হাসিনার আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে। তাছাড়া চোখ, কান, গলারও পরীক্ষা করা হয়েছে। আরো কিছু পরীক্ষা করা হবে। ২/১ দিনের মধ্যে সব পরীক্ষা শেষ হবে।" তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর অ্যালার্জির সমস্যা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এক প্রশ্নের জবাবে প্যানেল সদস্য জিয়াউল হক জানান, শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ পর্যন্ত তার যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার চূড়ান্ত প্রতিবেদন চিকিৎসকদের সুপারিশসহ আগামী রোববারের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। পরে কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের জানান, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়ার পরই শেখ হাসিনার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "হাসপাতালের ভর্তির পর শেখ হাসিনার সঙ্গে তার আইনজীবীদের দেখা করতে দেওয়া সম্ভব হয়নি। আগামী ২/১ দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।" কারাবন্দি শেখ হাসিনাকে গত ১১মার্চ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১২ জন চিকিৎসকের একটি প্যানেল সেখানে তাকে চিকিৎসা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/১৯০২ ঘ.