চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের বলেছেন, রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বর্তমান সরকার ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবে রেলওয়েকে আপাতত পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবছে না সরকার।
তিনি বলেন, "রেলওয়ের উন্নয়নের ব্যাপারে সরকারের যথাযথ মনোযোগ ও সদিচ্ছা রয়েছে। রেলওয়ের বর্তমান সম্পদ ও যন্ত্রপাতি পুরোপুরি ব্যবহারের মাধ্যমে এর সুযোগ সুবিধা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
বৃহস্পতিবার যোগাযোগ উপদেষ্টা চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
চট্টগ্রাম-ঢাকা লাইনে বিগত সরকারের ম্যাগনেটিক ট্রেন চালুর ঘোষণাকে উচ্চাবিলাসী বলে মত ব্যক্ত করেন তিনি।
উপদেষ্টা বলেন, "পাহাড়তলীতে অবস্থিত দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে।"
উপদেষ্টার পরিদর্শনের সময় কর্মরত শ্রমিকরা কারখানার অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা কারখানাকে অকেজো করে রাখার জন্য উর্র্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদগার করেন।
শ্রমিকরা অভিযোগ করে, প্রায় ৩০ একর এলাকা নিয়ে স্বয়ংসম্পূর্ণ এই কারখানায় করা সম্ভব এমন অনেক কাজ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বেসরকারি প্রতিষ্ঠানে করাচ্ছে। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
এ প্রসঙ্গে গোলাম কাদের বলেন, বিশেষ প্রয়োজনে কিছু কাজ বাইরের প্রতিষ্ঠানে করাতে হয়। তবে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের কিছু করা হলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারিদের স্বার্থ সংরক্ষণ করেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারখানা পরিদর্শন শেষে যোগাযোগ উপদেষ্টা নির্মাণাধীন তৃতীয় কর্ণফুলী সেতু পরিদর্শন করেন। প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মোক্তাদির বেলাল সেতুর কাজ ৪০ শতাংশ শেষ হয়েছে বলে উপদেষ্টাকে জানান।
উপদেষ্টা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সভায়ও উপস্থিত ছিলেন। বিকেলে তিনি সার্কিট হাউসে চট্টগ্রাম গণপূর্ত এবং সড়ক ও জনপদ বিভাগের উন্নয়ন কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24