ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশী 'শ্রমিক সমস্যা' সমাধানে দুই দেশের ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী।
তিনি বলেন, "দেশটিতে আমাদের কিছু শ্রমিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এ সমস্যা সমাধানে আমি দুই দেশের চেম্বারকেই এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
বৃহস্পতিবার হোটেল শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) আয়োজনে মালয়েশীয় পণ্যের এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এই আহ্বান জানান।
প্রদর্শনীতে মালয়েশিয়ার ৬৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
সরকার মালয়েশিয়ার সঙ্গে একটি 'মুক্ত বাণিজ্য চুক্তি' স্বাক্ষরেরও চিন্তা-ভাবনা করছে বলে জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে বাংলাদেশী শ্রমিকরা এক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে বলে সেদেশের সরকার আমাদের আশ্বস্ত করেছেন।"
মালয়েশিয়ার শ্রমিক আইন অনুযায়ী এর আগে বাংলাদেশী শ্রমিকরা নিয়োগকারী প্রতিষ্ঠান বদলাতে পারতেন না। এ কারণে শ্রমিকরা নানা ধরনের সুযোগ থেকে বঞ্চিত হতো।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের তিন লাখ ৮৫ হাজারের মতো শ্রমিক রয়েছে।
দুই দেশের মধ্যে বড় ধরনের 'বাণিজ্য ঘাটতি' রয়েছে উল্লেখ করে ইফতেখার আহমদ বলেন, "২০০৬ সালে বাংলাদেশ মালয়েশিয়ায় মাত্র সাত কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, অন্যদিকে মালয়েশিয়া ৩৬ কোটি মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে।"
তিনি মালয়েশিয়া সরকারকে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতো আবদুল মালেক বিন আবদুল আজিজ এবং বিএমসিসিআই সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এএল/এমএ/১৪৩০ ঘ.
bdnews24