ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে চার লাখ টন চাল আমদানির বিষয়ে আলোচনা আগামী ২৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সোমবার এক দফা ও মঙ্গলবার দুই দফা বৈঠক করেও চাল আমদানির বিষয়ে বাংলাদেশ-ভারত একমত না হওয়ায় ২৩ মার্চ পর্যন্ত আলোচনা মুলতবি রাখার সিদ্ধান্ত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর আগামী ২৩ মার্চ ঢাকায় আবার বৈঠকে বসবে।
মঙ্গলবার বৈঠক শেষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পিউস কস্তা সাংবাদিকদের বলেন, "২৩ মার্চ দুই দেশের প্রস্তাব বিবেচনার পর সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হতে পারে।"
খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে সোমবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে ভারতের কেন্দ্রীয় সরকারের চারটি চাল রপ্তানিকারক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
পিউস কস্তা বলেন, "ভারত থেকে পাঁচ লাখ মেট্রিক টন চালের মধ্যে অবশিষ্ট চার লাখ টন চাল আমদানির বিষয়ে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ভারতীয় প্রতিনিধিদের বলেছি, একমাসের মধ্যে চাল রপ্তানি করতে। কিন্তু তারা আরও বেশি সময় নিতে চাইছে। কিন্তু আমরা তাতে রাজি নই।"
তিনি বলেন, আমাদের শর্ত হচ্ছে আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে চাল দিতে হবে। দামের নয়, সময়ের বিষয়টিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এরপর চাল আমদানি করে আমাদের কোনও সুবিধা হবে না। আমরা চাচ্ছি বোরো ওঠার আগে বাজার স্থিতিশীল রাখতে স্বল্পসময়ে চাল আমদানি করতে।
বাজার সামাল দেয়ার মতো চাল বাংলাদেশের মজুদ রয়েছে জানিয়ে পিউস কস্তা বলেন, সোমবারও বেসরকারিভাবে চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার মেট্রিক টন চাল এসেছে। তাছাড়া ভারত থেকে এক লাখ টনের মধ্যে ৫০ হাজার টন চাল ইতোমধ্যেই এসে গেছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে পুরো এক লাখ টন চাল এসে পৌঁছাবে।
তিনি আরও বলেন, "আমাদের দেওয়া প্রস্তাব ভারতীয় প্রতিনিধিরা নিয়ে গেছেন। তারা তাদের সরকারের সঙ্গে আলোচনা করে আগামী ২৩ মার্চের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।"
দামের বিষয়ে জানতে চাইলে পিউস কস্তা বলেন, আগে আমাদের সময়টা বিবেচনা করতে হবে। তবে আমাদের দেওয়া শর্ত অনুযায়ী সময় নির্ধারণ হলে দাম নিয়ে তেমন একটা সমস্যার সৃষ্টি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪২৫ ঘ.
bdnews24