ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, স্ত্রী রিফাত হোসেন ও তাদের আইনজীবী মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক তানজীনা ইসমাইল অভিযোগ গঠন করেন। ২৪ মার্চ থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে।
জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নাসিরউদ্দিন আহমেদ গত বছরের ৩ অক্টোবর জাহিদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এতে বলা হয়, ডা. জাহিদ কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এক কোটি ১৪ লাখ টাকার সম্পত্তির হিসাব গোপন করেছেন। এছাড়া তিনি এক কোটি ৬০ লাখ ৯১ হাজার ২৩৭ টাকার সম্পত্তি অবৈধভাবে উপার্জন করেছেন। এতে সহায়তা করেছেন স্ত্রী রিফাত হোসেন।
গত ৭ ফেব্র"য়ারি এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে জাহিদ দম্পতির পাশাপাশি সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ায় সহযোগিতা করার অভিযোগে তাদের আইনজীবী মোজাহেদুল ইসলামকেও আসামি করা হয়।
জাহিদ ও তার স্ত্রী পলাতক। তবে মোজাহেদুল উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
সন্দেহভাজন 'দুর্নীতিবাজদের' যে দ্বিতীয় তালিকা দুর্নীতি দমন কমিশন প্রকাশ করেছিল, তাতে জাহিদ হোসেনের নামও ছিলো। তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে চিকিৎসা খাতে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২২০৬ ঘ.
bdnews24