চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সল্টগোলা বন্দর সংযোগ সড়ক থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ এপ্রিলে শুরু হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি টাকা।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করতে কাজ হবে ১০টি গ্র"পে ভাগ করে। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল দরপত্র খোলার পর দ্রুততার সঙ্গে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করা হবে।
মঙ্গলবার বিকালে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম উন্নয়ন সংক্রান্ত মাসিক পর্যালোচনা সভায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কাশেম এ তথ্য জানান।
তিনি আরও জানান, দুই হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে নগরীর অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য আরেকটি প্রকল্প আগামী সপ্তাহে যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি টাকা।
মোহাম্মদ কাশেম তিনি আরও বলেন, চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী করতে গৃহীত প্রকল্পের মধ্যে ঢাকা-'চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে' নির্মাণে সম্ভাব্যতা যাচাই শেষে প্রাথমিক ডিজাইন তৈরির কাজ চলছে। তিন থেকে চার মাসের মধ্যে এর বাজেট ঠিক করা হবে। এছাড়া চট্টগ্রামের সল্টগোলা বন্দর সংযোগ সড়ক (পোর্ট এক্সেস রোড) থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজ এপ্রিলে শুরু হবে। এর জন্য ব্যায় ধরা হয়েছে ৫৬ কোটি টাকা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের সভাপতিত্বে অুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মনজুর কাদের খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, সিএমপির উপ কমিশনার (যানবাহন) মোহাম্মদ আলী মিয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী আবুল কাশেমসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
১৯ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে শিল্প ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আলোকে মঙ্গলবার প্রথম এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল। প্রতি মাসেই বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সভায় বিভিন্ন সরকারি সংস্থা উন্নয়নের লক্ষে গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে কয়েকটির গতি যেমন বেড়েছ তেমনি অর্থ ছাড় না পাওয়ায় অনেক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভাগীয় কমিশনারকে অবহিত করেন।
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক জানান, শিগগিরই চট্টগ্রাম ওয়াসার বৃহত্তম প্রকল্প কর্ণফুলী পানি শোধনাগারের নির্মাণ কাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে পরামর্শক নিয়োগে যে জটিলতা হয়েছিল তা নিরসনের ফলে মন্ত্রণালয় পরামর্শক নিয়োগের বিষয়টি অনুমোদন দিয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম জানান। এছাড়া কার্পেটিংয়ের পরপরই অপরিকল্পিতভাবে নগরীর রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে সভায় আলোচনা হয়।
রাত আটটার পর নগরীর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীরা না মানায় বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করছে বলে পিডিবির প্রধান প্রকৌশলী সভায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24