২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে একজনের যাবজ্জীবন

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে আবদুল হাকিম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে আবদুল হাকিম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসান মঙ্গলবার এ আদেশ দেন। মামলার অপর আসামি আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত আবদুল হাকিম বর্তমানে কারাগারে রয়েছেন। সরকারি কৌসুলি (পিপি) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুব দ্রুত ১৯ সাক্ষীর সাক্ষ্য নিয়ে এ রায় দেওয়া হয়েছে। ২০০৭ সালের ৬ অক্টোবর রাত আটটার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের আবদুল হাকিম ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী খালেদা আক্তারকে এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দেন। ৮ অক্টোবর খালেদার মা জান্নাতারা বেগম লোহাগাড়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক আবু জাফর একই বছরের ২৪ নভেম্বর আবদুল হাকিম ও পদুয়া এলাকার আবদুল মান্নানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ২১ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/১৯৩৯ ঘ.