ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি নিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে দেওয়া প্রধান বিচারপতির সুপারিশের নথি তলবের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর মঙ্গলবার রায় ঘোষণা হবে।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দেবে।
সোমবার প্রকাশিত আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকার ১ নং ক্রমিকে আপিলটি রায় ঘোষণার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
আওয়ামী লীগ আমলে ২০০১ সালের ফেব্র"য়ারি মাসে শামসুল হুদা মানিকসহ হাইকোর্টে ১১ জন অস্থায়ী বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
২০০৩ সালে জোট সরকার আমলে ওই ১১ জনের মধ্য থেকে কেবল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও ইমান আলীকে স্থায়ী বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতি শামসুল হুদা মানিক, হাসান ফয়েজ সিদ্দিকী ও ফারুক আহমেদ তিনটি রিট আবেদন করেন।
সে সময়ের প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী রিটগুলো শুনানির জন্য বিচারপতি হামিদুল হক, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ও বিচারপতি এম এম রুহুল আমিনকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে দেন।
শুনানি গ্রহণের সময় ২০০৩ সালের ২৭ মে বিশেষ বেঞ্চ ১১ জন অস্থায়ী বিচারপতির স্থায়ী নিয়োগ বিষয়ে রাষ্ট্রপতিকে দেওয়া প্রধান বিচারপতির সুপারিশের নথি তলব করে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিলের আবেদন করে। ২০০৩ সালের ৭ জুন সে আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। একইসঙ্গে নথি তলবের আদেশও স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৯৪৯ ঘ.
bdnews24