ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো প্রাক বাজেট আলোচনা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি বলেন, "বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কোনো পরিকল্পনা আমার নেই। যেহেতু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের পক্ষ থেকে সংলাপে বসার একটি পরিকল্পনা রয়েছে সে কারণে এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরিকল্পনা আমার নেই।"
তবে রাজনৈতিক সরকার ক্ষমতা নেওয়ার পর ইচ্ছা করলে নির্বাচিত সরকার বাজেট সংশোধন বা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাবেক অর্থমন্ত্রী, সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক অর্থ সচিব, অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বৈঠকে সবাই দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। তারা আগামী বাজেটে (২০০৮-০৯) দেশের গরীব মানুষের কথা বিবেচনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন।"
বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরো বলেন, "রাজনৈতিক দলগুলো ছাড়া মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে আগামী অর্থ বছরের বাজেট দেওয়া হবে। নির্বাচনের পর নির্বাচিত সরকার ইচ্ছা করলে তাদের মতো করে ওই বাজেট সংশোধন বা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে।"
সরকার আর্থিক দায় সংক্রান্ত একটি নীতিমালা (ফিস্কেল রেসপনসিবিলিটি অ্যাক্ট) প্রণয়নের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "নীতিমালাটি ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।"
তিনি জানান, আর্থিক দায় সংক্রান্ত ওই নীতিমালায় মার্চ মাসে বাজেট সংশোধনের বিধান রাখা হয়েছে। এতদিন সংসদে নতুন বাজেট পাশের সময় আগের অর্থ বছরের বাজেট সংশোধন করে নেওয়া হতো। এখন থেকে মার্চ মাসে তা সংশোধন করা যাবে।
এ ছাড়া ওই নীতিমালায় অর্থমন্ত্রী কমপক্ষে তিনবার সংসদে বাজেট নিয়ে বক্তৃতা দেবেন এবং সংসদ সদস্যরা ওই সময় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
চলতি (২০০৭-০৮) অর্থবছরের বাজেট মার্চ মাসে সংশোধন করা হবে কি না- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "যদি নীতিমালাটি কিছুদিনের মধ্যে চূড়ান্ত হয় তাহলে মার্চ মাসেই বাজেট সংশোধন করা হবে।"
বৈঠক বিষয়ে উপদেষ্টা আরো বলেন, "বৈঠকে উপস্থিত সবাই দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।"
তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
প্রাক বাজেট আলোচনায় সেন্টার পর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, হাফিজউদ্দিন খান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক অর্থ সচিব মতিউল ইসলাম, সিদ্দিকুর রহমান চৌধুরী, সাবেক ইআরডি সচিব মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, ইআরডি সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৫১৩ঘ.
bdnews24