কিশোরগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাল দলিল তৈরি করে ভূমি দখলের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-৬ (নিকলী-বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মফিজুর রহমান রুকন রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন।
কিশোরগঞ্জের বিচার বিভাগীয় হাকিম বিচারক আবু তাহের সাইদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাজিতপুর উপজেলার গাজিরচর গ্রামের খন্দকার শামসুদ্দিন তার ১০ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে দখল ও তাকে জমি থেকে উচ্ছেদের অভিযোগে মফিজুর রহমান রুকনসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৯০ সালে বাজিতপুর থানায় মামলাটি করেন।
তিনি মারা যাওয়ার পর তার ছেলে মহিউদ্দিন মামলাটি পুনরুজ্জীবিত করেন। চলতি বছরের ১২ মার্চ মামলার শুনানির তারিখ ধার্য ছিল। ওই দিন আদালতে হাজির হওয়ার জন্য মফিজুর রহমান রুকনের নামে সমন জারি হয়। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার অপর আসামিরা হলেন- মোয়াজ্জেম হোসেন, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, আজিজুল হক।
মফিজুর রহমান রুকন ১৯৮৮ সালে সম্মিলিত বিরোধীদলের উপনেতা ছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) থেকে নির্বাচন করে সাংসদ হন। গত বছর তিনি বিএনপিতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24