২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের খাদ্য ঘাটতি মেটাতে জাতিসংঘ উদ্যোগ নেবে: কামাল দারবিশ

বাংলাদেশের খাদ্য ঘাটতি মেটাতে সরাসরি খাদ্য সাহায্য দেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে জাতিসংঘ। তবে এক্ষেত্রে জাতিসংঘ নিজে খাদ্য সহায়তা না দিয়ে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার কাছ থেকে খাদ্য সাহায্য সংগ্রহের ক্ষেত্রে সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের খাদ্য ঘাটতি মেটাতে সরাসরি খাদ্য সাহায্য দেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে জাতিসংঘ। তবে এক্ষেত্রে জাতিসংঘ নিজে খাদ্য সহায়তা না দিয়ে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার কাছ থেকে খাদ্য সাহায্য সংগ্রহের ক্ষেত্রে সমন্বয়কের দায়িত্ব পালন করবে। রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল কামাল দারবিশ এ কথা জানান। তিন দিনের সফরে গত শনিবার কামাল দারবিশ ঢাকায় এসেছেন। সোমবার তিনি চলে যাবেন। কামাল দারবিশ বলেন, "বিশ্বব্যাপী উৎপাদন কম হওয়ায় খাদ্য সঙ্কট দেখা দিয়েছে; সেইসঙ্গে দামও বেশ বেড়ে গেছে। এর ফরে যারা উৎপাদন করে তারা লাভবান হলেও অন্যরা (ভোক্তারা) ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর পর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে বাংলাদেশে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমার আলোচনা হয়েছে।" যেসব দাতা দেশ ও সংস্থা খাদ্য সহায়তা দেয় তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে খাদ্য সহায়তা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কি পরিমাণ খাদ্য সাহায্য বাংলাদেশের জন্য ব্যবস্থা করা যেতে পারে- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কামাল দারবিশ বলেন, "এ ব্যাপারে এখনই পরিষ্কার করে কিছু বলা যাবে না। বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সঙ্গে আলোচনার পর বোঝা যাবে কি পরিমাণ সাহায্য বাংলাদেশের জন্য পাওয়া যাবে।" তিনি আরো বলেন, "অর্থ উপদেষ্টা আমাকে বলেছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর মাধ্যমে যাদের দামের কারণে খাদ্য কিনতে সমস্যা হচ্ছে তাদের সহায়তা করা হবে।" বৈঠকে এ ছাড়াও বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, কৃষি, জ্বালানি খাতের সম্ভাবনা, রপ্তানি খাত, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কামাল দারবিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৪২০ঘ.