ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের এই দিনে ঢাকায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাদা গাড়িতে কালো পতাকা উড়িয়ে বৈঠকস্থল প্রেসিডেন্ট হাউজে আসেন বঙ্গবন্ধু। বেলা ১১টায় শুরু হয় দুজনের আলোচনা। পাকিস্তানের অংশ হলেও আট সপ্তাহ ধরে কার্যত বঙ্গবন্ধুর নির্দেশেই চলছিল পূর্ব পাকিস্তান। অসহযোগ চলছিল, তীব্র হচ্ছিল আন্দোলন।
প্রেসিডেন্ট হাউজে (বর্তমান ফরেন সার্ভিস একাডেমি-সুগন্ধা) যখন আলোচনা চলছিল; তখন ভবনের কাছে সংরক্ষিত এলাকার বাইরে অপেক্ষা করছিল হাজার হাজার ছাত্র-জনতা। 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'- স্লোগানে কেঁপে উঠছিল চারপাশ। টানা আড়াই ঘণ্টা বৈঠকের পর বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটকে অপেক্ষারত সাংবাদিকদের বলেন, 'রাজনৈতিক ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কাল সকালে আমরা আবার আলোচনায় বসছি।"
প্রেসিডেন্ট ভবন থেকে বঙ্গবন্ধু সোজা চলে যান ধানমন্ডি ৩২ নম্বরের বাসায়। সেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। গভীর রাত পর্যন্ত চলে সে বৈঠক। এরই মধ্যে কনভেনশন মুসলিম লীগ প্রধান ফজলুল কাদের চৌধুরী দেখা করেন বঙ্গবন্ধুর সঙ্গে।
এই দিন ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে আইনজীবীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চারু ও কারুকলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও মূর্তজা বশীরের নেতৃত্বে মিছিল বের করেন শিল্পীরা। ডাক বিভাগের কর্মচারীরাও বায়তুল মোকাররম এলাকায় মিছিল-সমাবেশ করে। জঙ্গি মিছিল বের করে টঙ্গির শ্রমিকরা। নারায়ণগঞ্জের ডক ইয়ার্ড শ্রমিকরা শীতলক্ষ্যায় নৌকা মিছিল করে।
এদিকে বিভিন্ন এলাকায় বাঙালিদের ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর নির্যাতন চলতে থাকে। রাজশাহী, যশোর, খুলনা, চট্টগ্রাম, ঢাকার পিলখানা, রামপুরা, কচুক্ষেত এলাকায় অসহযোগ আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ণ চলে। দুই হাজারেরও বেশি অবাঙালিকে নিয়ে এই দিন চট্টগ্রাম বন্দর থেকে একটি জাহাজ রওনা হয় করাচির পথে। জাতীয় শিপিং কর্পোরেশনের দুই বাঙালি পরিচালক সংস্থার জাহাজে করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র আনার প্রতিবাদ করেন। এই দিনে ভারত তার ভূখণ্ডের ওপর দিয়ে সব বিদেশি বিমানের পূর্ব পাকিস্তানে গমন নিষিদ্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪৫ ঘ.
bdnews24