পটুয়াখালী, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-পটুয়াখালী মহাসড়কে সদর উপজেলার বিমানবন্দর সংলগ্ন শিয়ালী সেতু একটি টিন বোঝাই ট্রাকসহ ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সেতুর দু'পাশে অনেক যানবাহন আটকা পড়েছে।
শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল থেকে বিকল্প সেতু নির্মাণের কাজ শুরু হবে। তবে আপাতত মির্জাগঞ্জ উপজেলার বিকল্প পথে পায়রা নদী পাড়ি দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে টিন নিয়ে পটুয়াখালী যাচ্ছিল। রাত আটটার দিকে এটি শিয়ালী সেতুর উপর ওঠার পর সেতুটি ভেঙে পড়ে।
টিনের মালিক পটুয়াখালীর জিএম ট্রেডার্সের কবির হোসেন মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ট্রাকে ১৫ টন টিন চট্টগ্রাম থেকে আনা হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩১৩ ঘ.
bdnews24