দিনাজপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন করতে চান তারা। তিনি বলেন, "৪১টি উপজেলার ভোটার তালিকা হয়ে গেছে। উপজেলা নির্বাচন কখন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করা না হলেও আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন সম্পন্ন করতে চাই।"
শনিবার দিনাজপুর জেলার বিরল উপজেলায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা দেশের বিভিন্ন জেলায় ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।"
নির্বাচন কমিশনার আরও বলেন, "সংসদ নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির পর নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। কোন কোন রাজনৈতিক দল সংশয় প্রকাশ করলেও কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে এই নির্বাচন হবে।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. নবীউল হক মোল্ল্যা, মেজর সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নওরোজ হোসেন তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে নির্বাচন কমিশনার বিরল উপজেলার ফরক্কাবাদ প্রাথমিক বিদ্যালয় ও দামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.
bdnews24