মঈনুল হক চৌধুরী ও মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে সুখবর নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটির পর একটির দাম বেড়েই চলেছে। গত বছরের শেষ ভাগে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। চালের দাম বাড়ার গতি থামলেও বাড়তে থাকে ভোজ্য তেল, আটা, চিনি ও দুধের দাম। গত সপ্তাহে হঠাৎ করেই বেড়ে যায় পিঁয়াজের দাম। সে তালিকায় যুক্ত হয়েছে এখন ডাল। এক সপ্তাহের ব্যবধানে ডালের দাম কেজি প্রতি অন্তত ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০৫ টাকায়।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরী দেখতে পেয়েছেন, মানভেদে প্রতি কেজি মশুর ডাল ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। আর শান্তিনগর বাজারে একই ডাল বিক্রি হচ্ছিল ৯৬ টাকায়। এক সপ্তাহ আগেও প্রতি কেজি মশুর ডালের দাম ছিল ৮০ থেকে ৮৪ টাকা।
রাষ্ট্রায়াত্ত সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, বাজারে প্রতি কেজি মশুর ডালের দাম ৮০ থেকে ৯৬ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৭২ থেকে ৮৮ টাকা।
মোহাম্মদপুর টাউন হল বাজারের শাওন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ক্যাঙ্গারু ডাল বিক্রি করছেন প্রতি কেজি ১০৫ টাকায়, দেশি ডাল ৯০ টাকায় ও বোল্ডা ৮০ টাকায়। দুই সপ্তাহ আগে দাম ১০/১৫ টাকা কম ছিল বলে তিনি জানান।
একই বাজারের রহমান স্টোরের রফিকুল ইসলাম জানান, তার দোকানে মশুর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
শান্তিনগর বাজারের শহীদ জেনারেল স্টোরে প্রতি কেজি ডাল (বড় দানা) ৮৪ টাকা, দেশি ৯০-৯২ টাকা এবং ক্যাঙ্গারু ৯৪/৯৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।
শান্তিনগর বাজারে আসা শরীফ রাজু নামে এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম তো প্রতিদিনই বেড়ে চলেছে। এটা সহ্যের বাইরে চলে গেছে। কিছু কিছু জিনিস এত দামে কিনতে হবে, এটা কখনও ভাবিনি।"
একই ডালের ভিন্ন ভিন্ন দামের বিষয়ে টাউন হল বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, "পণ্যে ভালোমন্দ আছে। গুণের তারতম্যের কারণেই দামের হেরফের হচ্ছে।"
টিসিবি জানায়, গত এক সপ্তাহে ডাল ছাড়াও আটা, ময়দা, চিনি, সয়াবিন তেল, পিঁয়াজ ও ছোলার দাম বেড়েছে।
টিসিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি সয়াবিন তেল সর্বোচ্চ ১১৮ টাকায়, চিনি ৪২ টাকায়, আটা ৪৬ টাকায়, ময়দা ৪৮ টাকায়, পিঁয়াজ ২০ টাকায় বিক্রি হয়।
মোহাম্মদপুর টাউন হল বাজারের বিভিন্ন দোকানে সয়াবিন তেলের ৫ লিটারের জার ৫২৫ থেকে ৫৫০ টাকা, ৯০০ মিলিলিটারের বোতল ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ২ কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছিল কোম্পানি ভেদে ৮৪ থেকে ৯০ টাকায়। পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকায়।
চালের দাম ছিল স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি মিনিকেট ৪৩ টাকা, নাজিরশাইল ৩৮ থেকে ৪৬ টাকা, পাইজাম ৩৪ থেকে ৩৫, স্বর্ণা ৩২ টাকায় বিক্রি হতে দেখা যায়।
বাজারগুলোতে শাক-সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে নতুন আসা পটল, করলা, ঝিঙে ও চিচিঙ্গার দাম বেশি। আর মওসুম শেষ হয়ে যাচ্ছে বলে ফুল কপি ও বাঁধা কপির দামও কিছুটা বেড়েছে।
শুক্রবার বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৯/৩০ টাকা, আলু ১৪ থেকে ১৫, মুলা ২০, গাজর ১৪, পেঁপে ১২ থেকে ১৪ টাকা, বেগুন ২০ থেকে ২৪ টাকা, ঢেঁড়শ ২৮, টমেটো ১৮, খিরা ১৬ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে চট্টগ্রামে চালের দাম বেড়েছে বলে সেখানকার বাজারগুলো ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মিন্টু চৌধুরী জানিয়েছেন।
চট্টগ্রামের খুচরা ও পাইকারি বাজারে সিদ্ধ ও আতপ চালের দাম প্রতি কেজিতে দুই টাকা করে বেড়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, পুরনো ঋণপত্রের (এলসি) বিপরীতে ভারত থেকে আমদানি করা চাল ছাড় বন্ধ থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। তবে শনিবার থেকে ভারত থেকে আমদানি করা চাল ছাড় শুরু হলে দাম কমে যাবে।
চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে চাল আসা বন্ধ থাকায় পাইকারি বাজারে সিদ্ধ চালের ঘাটতি দেখা দেয়। এ কারণেই বিভিন্ন মানের সিদ্ধ চালের প্রতি দুই মণের (৭৪.৬৪ কেজি) বস্তার দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।"
তিনি জানান, আতপ চালের দাম প্রতি বস্তায় ৩০ থেকে ৪০ টাকা বাড়লেও পাইকার ও আড়তদারদের কাছে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে।
বৃহস্পতিবার চাক্তাই পাইকারি বাজারে ভারতীয় বালাম সিদ্ধ দুই মণের বস্তা ৬০ টাকা বেড়ে ২২০০ টাকায়, ভারতীয় বেতি ৪০ টাকা বেড়ে ২১৬০ টাকা, মিনিকেট আতপ ৪০ টাকা বেড়ে ২৪০০ টাকা, মিনিকেট সিদ্ধ ২৪৫০ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় বালাম সিদ্ধ সাড়ে ২৯ টাকা, বেতি ২৯ টাকা, মিনিকেট আতপ ৩২ টাকা, মিনিকেট সিদ্ধ ৩২ দশমিক ৮২ টাকায় বিক্রি হয়।
শুক্রবার রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানগুলোতে বালাম সিদ্ধ প্রতি কেজি ৩৩ টাকা, ভারতীয় বেতি ৩১ টাকা, মিনিকেট আতপ ৩৪ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৭ টাকায় বিক্রি হচ্ছিল।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরা বাজারে চালের দাম বেড়েছে।"
চালের দাম বাড়লেও চট্টগ্রামের বাজারে সয়াবিন তেল ও চিনির দাম কিছুটা কমেছে।
খুচরা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল প্রতি কেজিতে তিন টাকা পর্যন্ত কমেছে। আর চিনির দাম কমেছে দুই টাকা। তবে কোনও কোনও দোকানে আগের দামেই তেল ও চিনি বিক্রি হতে দেখা যায়। সবজির বাজার ছিল স্থিতিশীল।
শুক্রবার সয়াবিন তেল খোলা প্রতি কেজি ১১২ টাকা, ১ লিটারের বিভিন্ন কোম্পানির জার ১০৫ থেকে ১০৮ টাকা, ৫ লিটারের জার ৫২৫ থেকে ৫৩০ টাকায় বিক্রি হয়। এছাড়া ভালো মানের চিনি প্রতি কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএইচসি/এমআই/এমএ/১৬৫৩ঘ.
bdnews24