ঝিনাইদহ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ স্বাধীন করতে কাস্তে-লাঙল রেখে হাতে রাইফেল তুলে নিয়েছিলেন ঝিনাইদহের ইসমাইল হোসেন। স্বপ্ন ছিল, অভাব থাকবে না, সবাই ভরপেট খেতে পারবে। সে স্বপ্ন আজও ধরা দেয়নি ইসমাইলের জীবনে। জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে তার আরও আক্ষেপ, "যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলো, গণহত্যা চালালো- তাদের বিচার আজও হলো না; এ দুঃখ কোথায় রাখি।"
ষাটোর্ধ্ব এ মুক্তিযোদ্ধা এখনও জীবিকার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। মুক্তিযোদ্ধা হিসাবে তার প্রাপ্তি মাসিক মাত্র ৬০০ টাকা সম্মানী ভাতা।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের মরহুম বদরুদ্দিন শেখের ছেলে ইসমাইল হোসেন একাত্তরে ছিলেন ২৫-২৬ বছরের টকবগে যুবক। তৎকালীন আনসার বাহিনীর সদস্য হিসাবে রাইফেল চালনার প্রশিক্ষণ নিয়েছিলেন। ২৫ মার্চের কালোরাতে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে ইসমাইল হোসেনও হাতে তুলে নেন রাইফেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ এ দেশ মাতৃকার স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম।"
২৫ মার্চ রাতে যশোর সেনানিবাস থেকে এক কোম্পানি পাক সেনা অবস্থান নিল কুষ্টিয়া শহরে। তৎকালীন ইপিআর, পুলিশ, আনসার, ছাত্র-জনতা নিয়ে গঠিত মুক্তিবাহিনী পরিকল্পনা নিল কুষ্টিয়ার পাক সেনাদের অবস্থান আক্রমণের। ইসমাইল ছিলেন এই দলের সদস্য।
"২৯ মার্চ ভোররাতে পাক বাহিনীর ওপর চারিদিক থেকে আক্রমণ শুরু করি আমরা। ৩০ মার্চ সারাদিন যুদ্ধ শেষে রাতের আঁধারে যশোর পালিয়ে যাওয়ার সময় গাড়াগঞ্জে কুমার নদীর সেতুর ওপর পাতা ফাঁদে আটকা পড়ে পাকসেনারা। পরদিন স্থানীয় জনতার হাতে প্রায় ১০০ পাকসেনা নিহত হয়।"
ইসমাইল হোসেন জানান, ১ এপ্রিল ও ১৪ এপ্রিল ঝিনাইদহ-যশোর সড়কের বিষখালীতে পাকবাহিনীর সঙ্গে আরেকটি সম্মুখ যুদ্ধে অংশ নেন তিনি। এরপর পাকসেনারা ঝিনাইদহ শহর দখল করে নিলে তারা বিভিন্ন গ্রামে আশ্রয় নেন। পরে ভারত চলে যান।
বিহারের চাকুলিয়ায় প্রশিক্ষণ শেষে অক্টোবরের শেষে আবার বাংলাদেশে ফিরে বাগুটিয়ায় মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন ইসমাইল। সেখান থেকে শৈলকুপা থানা মুক্ত করার যুদ্ধে অংশ নেন। ২৬ নভেম্বর রাতে ঝিনাইদহ-মাগুরা সড়কের গোয়ালপাড়ার কাছে পাকসেনাদের গাড়ি বহরের ওপর হামলা চালান। সর্বশেষ ১১ ডিসেম্বর শৈলকুপা শত্র"মুক্ত করেন তারা।
দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধা ইসমাইল ফিরে যান কৃষি কাজে। এখনও চাষ-বাস করছেন। চার ছেলে ও চার মেয়ের জনক ইসমাইল তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে এখনও পড়াশুনা করছে। নিজের মাত্র ১৪ শতক চাষের জমি আছে। আরও দুই বিঘা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেন। এভাবেই দিন চলে তার।
যে স্বপ্ন নিয়ে যুদ্ধে নেমেছিলেন, ইসমাইল হোসেনের সে স্বপ্নগুলো আজও বাস্তবায়িত হয়নি। উপরন্তু দেখতে হচ্ছে, চিহ্ণিত যুদ্ধাপরাধীদের আস্ফালন।
জীবনের শেষ লগ্নে এসে এ মুক্তিযোদ্ধা বললেন, "জীবদ্দশায় যুদ্ধাপরাধীদের বিচার দেখে পারলে মনে কিছুটা হলেও সান্ত্বনা পেতাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24