ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান অসহযোগ আন্দোলনকে তীব্র করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে এক বিবৃতিতে বলেন, "লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অহিংস ও অসহযোগ আন্দোলন চলবে।"
জনতার বাঁধভাঙা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিল্পীরাও এই দিন নেমে আসেন রাজপথে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে শিল্পাচার্য জয়নুল আবেদিন তার 'হিলাল-ই-ইমতিয়াজ' খেতাব বর্জনের ঘোষণা দেন।
১৪ মার্চ সকালে ন্যাপ নেতা ওয়ালি খানের সঙ্গে ধানমণ্ডির বাসায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন বঙ্গবন্ধু। রুদ্ধদ্বার এ বৈঠকে প্রাদেশিক আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামরুজ্জামান এবং ন্যাপ নেতা গাউস বক্স বেজেঞ্জো উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনায় বসতে চাইলে তার কোনও আপত্তি নেই। তবে এজন্য প্রেসিডেন্টকে আন্দোলনের দাবি পূরণের সদিচ্ছা দেখাতে হবে।
একইসঙ্গে তিনি বলেন, "আলোচনা দ্বিপক্ষীয় হতে হবে। এতে কোনও তৃতীয় পক্ষ উপস্থিত থাকতে পারবে না।"
এই দিনই করাচির নিশতার পার্কে এক জনসভায় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, "শেখ মুজিবুর রহমানের দাবি অনুযায়ী পার্লামেন্টের বাইরে সংবিধান সংক্রান্ত 'সমঝোতা' ছাড়া ক্ষমতা হস্তান্তর করতে হলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে পৃথকভাবে দুটি সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক।"
তিনি ছয় দফা দাবি প্রত্যাখ্যান করলেও বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেন।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ১৫ মার্চ পালনের জন্য ৩৫টি নতুন নির্দেশ জারি করেন।
নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি চেকপোস্ট বসানো হয় এই দিন। কড়া নজর রাখা হয়, যাতে পশ্চিম পাকিস্তানে কোনও সম্পদ পাচার না হয় বা সামরিক বাহিনী কোনও রসদ সরবরাহ করতে না পারে। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র, শ্রমিক, যুুব, মহিলা, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর সভা-সমাবেশ-শোভাযাত্রা করে।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ প্রতিটি শ্রমিক এলাকায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেয়।
এই দিনে বাংলাদেশের খাদ্যশস্যবাহী 'মন্টেসেলো ভিক্টরি' নামে একটি জাহাজের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম থেকে করাচি নিয়ে যাওয়া হয়। 'ওসান এন্ডারস' নামে আরেকটি সমরাস্ত্রবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করে। বন্দরকর্মী ও শ্রমিকদের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের ১৬ নম্বর জেটিতে অস্ত্রবাহী সোয়াতের সমরাস্ত্র খালাসের চেষ্টা করে কর্তৃপক্ষ ব্যর্থ হয়।
ঢাকায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ইমাম হোসেন এক বিবৃতিতে অবিলম্বে বাংলাদেশ থেকে সব অবাঙালি সেনাকে প্রত্যাহার করে বাঙালি সেনাদের তাদের স্থলাভিষিক্ত করার আহ্বান জানান।
১৩ মার্চের সামরিক নির্দেশের প্রতিবাদে দেশরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীরা নগরীতে বিক্ষোভ করে এদিন। তারা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করে আন্দোলনের সঙ্গে সংহতি ও কর্মস্থল বর্জনের র্কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করে।
রাতে সংগ্রাম পরিষদের নেতা আ স ম রব, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আবদুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে ছুটিতে থাকা কেন্দ্রীয় সরকারের বাঙালি কর্মচারীদের পশ্চিম পাকিস্তানে ফেরত না গিয়ে নিজ নিজ এলাকার সংগ্রাম পরিষদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান।
এদিকে অসহযোগ আন্দোলনের সমর্থনে সংবাদপত্র প্রেস কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বায়তুল মোকাররম প্রাঙ্গণে সমাবেশ শেষে প্রেস কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাসভবনে আসেন। বঙ্গবন্ধু তাদের উদ্দেশে বলেন, "কেউ যদি আমাদের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করে তা হলে আমরাও তাকে ছেড়ে দেব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এফএফ/এমআই/১২৩৮ ঘ.
bdnews24