বরিশাল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় শুক্রবার সকালে ট্রাকের চাপায় একটি নসিমন বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে।
সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার।
নসিমনটিতে করে একদল বরযাত্রী গৌরনদীর বাটাজোড় এলাকা থেকে আগৈলঝাড়া যাচ্ছিল। পথেই এ দুর্ঘটনা ঘটে।
ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকের ধাক্কায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাত জন ঘটনাস্থলেই মারা যায়।
এরা হলেন, নিখিল হালদার (৩৮), বাবুরাম শিকারী (৩৫), মিল্টন শিকারী (১৭), অসীম শিকারী (১৫), নিকিতা (১২), সুশান্ত (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক জন।
আহত ১১ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ওসি জানান।
হাসপাতালে আনার পর নসিমন চালকসহ আরও চার জনের মৃত্যু হয়।
এরা হলেন, জয় (৫), ময়না রানি (৫৫), নসিমন চালক নূরুল ইসলাম (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী।
দুর্ঘটনায় আহত সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের প্রায় সবাই আত্মীয়-স্বজন।
ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি আব্দুল হাই জানিয়েছেন। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৮ ঘ.
bdnews24