ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতার পর থেকে নারীর সামাজিক অবস্থার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার ব্যাপরে সাফল্য পেলেও কর্মক্ষেত্রে ও সিদ্ধান্ত গ্রহণের বেলায় নারীর অংশগ্রহণের দিক দিয়ে এখনও অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ১৯৭১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে বাংলাদেশে প্রজনন হার কমে অর্ধেক হয়েছে। কিন্তু দেশের প্রায় ৯০ ভাগ নারী এখনও নিজের ঘরেই সন্তান প্রসব করেন এবং ৮৬ শতাংশ দক্ষ প্রজনন স্বাস্থ্য কর্মীর সেবা পান না।
বৃহস্পতিবার এলজিইডি ভবন মিলনায়তনে বিশ্বব্যাংকের 'হুইসপার টু ভয়েস: জেন্ডার অ্যান্ড সোস্যাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ' শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার ও বিশ্বব্যাংক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়াজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান ঝু।
নারী, শিশু ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্র"তিবদ্ধ।
জিয়ান ঝু বলেন, "নারীর অবস্থা পরিবর্তনে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এখন নারীদের জন্য কর্মসংস্থান, সব শাখায় শিক্ষার সুযোগ নিশ্চিত করণ, গর্ভকালীণ স্বাস্থ্য সেবার সুযোগ বৃদ্ধির মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে।"
প্রতিবেদনে জানানো হয়, গঠনমূলক পদক্ষেপ নেওয়ার ফলে নারী-পুরুষ সমতার ক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের বেশিরভাগ এলাকায় মাধ্যমিক পর্যায়ে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। নারীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বিপুল সংখ্যক তরুণী গ্রাম ছেড়ে শহরে আসছেন এবং পোশাক কারখানাগুলোয় কাজ করছেন।
ইদানিং শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে যাবার কারণে নতুন একটি আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয়, বর্তমানে মেয়েদের মধ্যে তুলনা মূলকভাবে কম শিক্ষিত পুরুষকে বিয়ে করার ঘটনা বেড়েছে।
প্রজনন হার কমার পাশাপাশি নারীদের শিক্ষার হার বাড়লেও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখনও যথেষ্ঠ কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে নারী কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বে দক্ষিণ এশিয়ার অবস্থান সবার নিচে। আর বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যেও পেছনের সারিতে।
এতে বলা হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ সীমিত এবং তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। এছাড়া গত ৩০ বছরে বাংলাদেশে যৌতুক দেওয়ার প্রবণতাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অস্ট্রেলিয়ার হাই কমিশনার ডগলাস ফসকেট, নারী, শিশু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা ও বেসরকারী উন্নয়ন সংস্থা নারী পক্ষ'র শিরিন হক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএ/২০০৩ ঘ.
bdnews24