২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নায়েমের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছে প্রতিবন্ধী রিকশা চালক

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) উদ্যোগে ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রের সহায়তায় কৃত্রিম পা পেয়েছে প্রতিবন্ধী রিকশা চালক জিয়াউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) উদ্যোগে ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রের সহায়তায় কৃত্রিম পা পেয়েছে প্রতিবন্ধী রিকশা চালক জিয়াউর রহমান। বৃহস্পতিবার নায়েমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় জিয়াউর রহমান সড়ক দুর্ঘটনায় এক পা হারায়। জীবনের তাগিদে ২৫-২৬ বছর বয়সী এই তরুণ গত চার-পাঁচ বছর ধরে এক পা নিয়েই ঢাকা শহরে রিকশা চালাচ্ছিল। ঘটনাটি জানতে পেরে নায়েম সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্র থেকে জিয়াউর রহমানের জন্য কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেয়। ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্র জিয়াউরের পা সংযোজন ব্যয়ের সাড়ে ১২ হাজার টাকা সম্পূর্ণ মওকুফ করে। বিজ্ঞপ্তিতে নায়েম আরো জানায়, কৃত্রিম পা সংযোজনের পরে যথাযথভাবে হাঁটা অনুশীলন ও অন্যান্য ব্যয় বাবদ তারা জিয়াউরকে ৩ হাজার ১৯৫ টাকা দিয়েছে। রোটারী ক্লাব, বাংলাদেশও জিয়াউরের পুনর্বাসনের ব্যাপারে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বলে নায়েম জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএআর/এমএ/১৭২০ ঘ.