২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে বিএনপির রিটের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর সপ্তম দিনের শুনানি শেষে এই মুলতবির আদেশ দেন। বুধবার শুনানিতে বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার পক্ষে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় কোরাম পূর্ণ হয়েছিল। কারণ বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ১১ জন। এর মধ্যে ৬ জন ওই সভায় উপস্থিত ছিলেন। তা ছাড়া দলের বিরুদ্ধে ওই বৈঠক হয়নি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে খোন্দকার দেলোয়ার হোসেন রিট করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। হাইকোর্ট কাউকে একটি দলের নেতা বানাতে পারেন না। বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষে ড. শাহদীন মালিক আদালতে বলেন, বিএনপির ঘোষণাপত্রে ১৯ বার ও গঠনতন্ত্রে ৩ বার গণতন্ত্রের কথা রয়েছে। দলটি দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল। এই দল থেকে আবদুল মান্নান ভুঁইয়াকে বহিস্কারের আগে কোনো নোটিশ না দিয়ে ন্যয়বিচারের স্বাভাবিক নীতি লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়া কোনো রাজনৈতিক বিষয় নিয়ে রিট আবেদন করতে পারেন না। কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে প্যারোলে মুক্তি দেওয়ার আগে যে ৫ টি শর্ত দেওয়া হয়েছে তার অন্যতম হলো কারাগারের বাইরে রাজনীতি করা যাবে না। নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বর এক চিঠিতে হাফিজউদ্দিন আহমদকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহবান জানায়। গত ১৮ নভেম্বর খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাফিজকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে দেয় হাইকোর্ট। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং খোন্দকার দেলোয়ারকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও হাফিজের প্রতি আদেশও জারি করে আদালত। ওই চিঠি দেওয়ার একদিন আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তারও জবাব দিতে বলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৫৩ ঘ.