ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামে চলতি মাসেই শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা। ঢাকায় হোটেল শেরাটনে ১৪, ১৫ ও ১৬ মার্চ এবং চট্টগ্রামে হোটেল পেনিসুলায় ১৮ ও ১৯ মার্চ এ মেলা হবে। বিদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, টিউশন ফি ছাড়, জব প্লেসমেন্ট, সার্ভিস চার্জ ডিসকাউন্টসহ বিভিন্ন সুবিধা থাকবে শিক্ষামেলায়।
'ষষ্ঠ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০০৮' উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এ তথ্য জানান আয়োজকরা।
এবারের মেলায় বিশ্বের ২০টি দেশের অন্তত ৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরাকানসাস স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব আলাবামা, যুক্তরাজ্যের লন্ডন একাডেমি অব ম্যানেজমেন্ট সায়েন্স, কানাডার ইউনিভার্সিটি কলেজ অব ফ্রেশার ভ্যালি ও ইন্সটিটিউট অব মেশিন টুল অ্যান্ড টেকনোলজি, পোল্যান্ডের গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস ইকোনোমিক্স, জার্মানির ইউরেশিয়া ইন্সটিটিউিট ও ফেকাশোলা জেনা ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স, ফ্রান্সের ফ্রেঞ্চ ইন নরমান্ডি, ইতালির পলিমোডা ইন্সটিটিউট, হাঙ্গেরির ইউনিভার্সিটি অব ডেব্রিসেন, স্কটল্যান্ডের এডিনবার্গ টেলিফোর্ড কলেজ।
সংবাদ সম্মেলনে আয়োজক এসএসবিসিল গ্র"পের চেয়ারম্যান সুমন তালুকদার বলেন, "বিভিন্ন কারণে বাংলাদেশের অনেক শিক্ষার্থীই এখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে। বাইরে পড়ার বিষয়ে সম্যক ধারণা, পুরো প্রক্রিয়ার সঠিক সমন্বয় ও ছাত্রদের সচেতন করার জন্যই আমরা এ মেলা করছি।"
মেলা চলার সময় বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে অ্যপ্লিকেশন ফির ৫০ শতাংশ ও টিউশন ফির ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কনজুমার ব্যাংকিং এর প্রধান মামুন মাহমুদ শাহ বলেন, "উচ্চশিক্ষায় আগ্রহীদের সহজ শর্তে ঋণ দিচ্ছে আমাদের ব্যাংক। বেশ কয়েক মাস ধরে প্রকল্পটি চালু আছে। এ পর্যন্ত প্রায় ৭০ জন শিক্ষার্থীকে ঋণ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/১৯১৯ ঘ.
bdnews24