২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার কানের চিকিৎসা স্কয়ারে সম্ভব নয়: চিকিৎসক

স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার কানের চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানোয়ার হোসাইন। তবে হাসিনার বাকি সব চিকিৎসা স্কয়ার হাসপাতালেই হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার কানের চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানোয়ার হোসাইন। তবে হাসিনার বাকি সব চিকিৎসা স্কয়ার হাসপাতালেই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকালে হাসপাতালের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডা. সানোয়ার জানান, মোট ৭ জনের একটি চিকিৎসক প্যানেল গঠন করে শেখ হাসিনার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নিজেই এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, "শেখ হাসিনা সুস্থ আছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। গত রাতে ভালো ঘুম হয়েছে। তিনি বেটার ফিল করছেন বলে আমাকে জানিয়েছেন।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্কয়ার হাসপাতালের ভর্তির পর শেখ হাসিনার নিয়মিত পরীক্ষাগুলো করা হচ্ছে। বৃহস্পতিবার তার আলট্রাসনোগ্রাম করা হবে। সব পরীক্ষা শেষ করতে আরো ৫/৬দিন লেগে যাবে।" ডা. সানোয়ার জানান, হাসিনাকে নতুন কোনো ওষুধ দেওয়া হয়নি। আগের চিকিৎসকদের দেয়া ওষুধগুলোই চলছে। সবগুলো পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, হাসিনার কানের চিকিৎসা স্কয়ার হাসপাতালে হচ্ছে না। এ জন্য তার বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কি না- চিকিৎসকরা সবাই মিলে বসে তা ঠিক করবেন। শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকদের হাসপাতালে দেখা করতে দেওয়া হয়নি কেন জানতে চাইলে প্যানেল প্রধান সাংবাদিকদের বলেন, "এ বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার সঙ্গে কাদের দেখা করতে দেওয়া হবে তা কারা কর্তৃপক্ষ ঠিক করবে। হাসপাতালের বাইরের কোনো ডাক্তার দেখা করতে চাইলে কারা কর্তৃপক্ষের মাধ্যমেই তাদের আসতে হবে।" এর আগে দুপুরে হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী ও ডা. এবিএম আবদুল্লাহ স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন, তাদের দেড় ঘণ্টা বসিয়ে রেখেও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষের কেউও তাদের সামনে আসেনি। অধ্যাপক মোদাচ্ছের আলী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা হাসপাতালে ভর্তির সময় শর্ত দিয়েছিলেন, তার ব্যক্তিগত চিকিৎসকরা তার চিকিৎসা দেবেন। কিন্ত এখন আমাদের দেখাই করতে দেওয়া হচ্ছে না। এটা শেখ হাসিনা জানেন কিনা, আমরা জানি না।" এ প্রসঙ্গে কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকদের দেখা করতে না দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। ডা. এবিএম আবদুল্লাহ আমাকে ফোন করেছিলেন। আমি তাকে বলেছি- আপনি কখন হাসপাতালে আসবেন, সে বিষয়ে পরে আমি আপনাকে জানাবো।" শেখ হাসিনার চিকিৎসক প্যানেলের অন্য ৬ চিকিৎসক হলেন- ডা. এ বি এম সারোয়ার-ই-আলম, ডা. মীর্জা নাজিম উদ্দিন, ডা. মো. তৌহিদুজ্জামান, ডা. এম এইচ মিল্লাত, ডা. এম এইচ সাহিল মাহমুদ ও ডা. শাহ আলম। আওয়ামী লীগ সভানেত্রীকে মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএ/১৮৪০ঘ.