২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গণপিটুনিতে তিন ছিনতাইকারী নিহত

সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে বুধবার দুপুরে তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে বুধবার দুপুরে তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে দুটি রিভলবার এবং এক লাখ ৯৪ টাকা উদ্ধার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অলংকার মোড়ে ইসলামী ব্যাংক শাখা থেকে বেলা ১২টার দিকে কাশেম মুন্সী নামে এক ব্যক্তি সাড়ে সাত লাখ টাকা তোলে। টাকা নিয়ে তিনি একটি সিএনজি অটোরিকশা নিয়ে সীতাকুণ্ডের যাওয়ার পথে ভাটিয়ারির কাছে দুটি অটোরিকশা তার গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে শহরের দিকে যাত্রা করে। কাশেম মুন্সী মোবাইল ফোনে টাকা ছিনতাইয়ের ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানান। সংবাদ পেয়ে তার আত্মীয়রা প্রাইভেটকার ও মোটর সাইকেল নিয়ে শহরমুখী অটোরিকশা দুটিকে ধাওয়া করে। ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসাহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধাওয়া খেয়ে ফৌজদারহাট রেল স্টেশন এলাকার দিকে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় একটি অটোরিকশা উল্টে যায়। এ সময় স্থানীয় জনতা ও পথচারীরা ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এতে অটো রিকশাচালকসহ দুইজন নিহত হয়। গুরুতর আহত হয় অপর দুই ছিনতাইকারী। ইসাহাক জানান, ছিনতাইকারীদের অপর অটোরিকশাটি ভাটিয়ারি রেল স্টেশনের দিকে পালাতে চেষ্টা করে। কিন্তু মৌলভীপাড়ার কাছে জনতা সেটিকেও আটক করে গণপিটুনি দিয়ে তিন ছিনতাইকারীদের ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এ তিনজন হচ্ছে, মো. তফাজ্জল, মো, সরোয়ার ও আবুল কাশেম। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনাস্থল থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণপিটুনিতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুই জন নিহত হন। কিছুক্ষণ পর আরও এক জনের মৃত্যু হয়। আহত অপর এক জনের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ জানায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮০৩ ঘ.