২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রীকে অপহরণের সময় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের সময় মঙ্গলবার রাতে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে জনতা। অপহরণ চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবা একটি মামলা করেছেন। 'অপহরণকারী' পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের সময় মঙ্গলবার রাতে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে জনতা। অপহরণ চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবা একটি মামলা করেছেন। 'অপহরণকারী' পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তার নাম নাসিরউদ্দিন। তিনি কক্সবাজার জেলার রিজার্ভ পুলিশে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর হাজীপাড়ায়। স্থানীয় সাংবাদিক জিয়া ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় থেকে রিকশায় চড়ে বাসায় ফেরার পথে মঙ্গলবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়েয় দুই নম্বর গেট সংলগ্ন এগার মাইল এলাকায় পৌঁছালে এসআই নাসিরউদ্দিন তার দুই সহযোগীসহ রিকশার গতিরোধ করে। তারা ফারজানার মুখ চেপে ধরে একটি অটোরিকশায় তুলে চট্টগ্রাম শহরের পথে রওনা হয়। ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার পর নন্দীরহাট এলাকায় অটোরিকশাটি এলে ফারজানার চিৎকার শুনে স্থানীয় জনতা তা আটকে ফেলে বলে জিয়া ইসলাম জানান। ওই সময় নাসিরউদ্দিন মেয়েটিকে তার পূর্ব পরিচিত বলে দাবি করে। খবর পেয়ে হাটহাজারী থানা থেকে পুলিশ এসে এসআই নাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় প্রথমদিকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ছাত্রীর পরিবারের সদস্যরা মামলার সিদ্ধান্ত নিলে তা ভেস্তে যায় বলে জিয়া ইসলাম জানান। হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের অভিযোগে ওই ছাত্রীর বাবা মঙ্গলবার রাতে হাটহাজারী থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এসআই নাসিরকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে শিল্পী রানী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫২০ ঘ.