২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১৭ আগস্ট' মামলায় বরগুনায় ৯ জঙ্গির যাবজ্জীবন

২০০৫ সালের ১৭ই আগস্ট বরগুনায় বোমা হামলার দায়ে নয় জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাজাহান মজুমদার এ রায় দণ্ডাদেশ দেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহেদিন (জেএমবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

বরগুনা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ই আগস্ট বরগুনায় বোমা হামলার দায়ে নয় জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাজাহান মজুমদার এ রায় দণ্ডাদেশ দেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহেদিন (জেএমবি)। সেদিন সকাল ১১টার দিকে বরগুনা শহরে জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট, প্রেসক্লাব ও কাঁচাবাজারের সামনে সাতটি বোমার বিস্ফোরণ ঘটনানো হয়। এতে অনেকে আহত হয়। ওই মামলারই রায় হয় বুধবার। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের আসাদুল ইসলাম আরিফ, হাফেজ আল আমিন; শিয়ালিয়া গ্রামের হাফেজ মোস্তফা হাসান; বাওয়াল কর গ্রামের শহিদুল ইসলাম, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মাছুম বিল্লাহ, রেজাউল করিম, আব্দুল হক আব্বাসি ও আব্দুর রহমান; খুলনার শহিদুল ইসলাম ওরফে বক্সার শহিদ। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত এদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের সময় ছয় আসামি আদালতে হাজির ছিলেন। অপর তিন আসামি বক্সার শহিদ, আব্দুল হক আব্বাসি ও আব্দুর রহমান পলাতক। ২০০৫ সালের ২২ ডিসেম্বর এ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত অপর তিন আসামি শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। ঝালকাঠিতে বিচারক হত্যা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত শায়খ রহমান, বাংলাভাই ও সানিকে ২০০৭ সালের ৩০ মার্চ ফাঁসিতে ঝোলানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমআই/১৩৫২ ঘ.