সিলেট, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সংগঠক আবু জান্দাল ওরফে মুফতি মঈনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জুবায়ের আহমদ মঙ্গলবার সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে এই সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জান্দালকে নিয়ে আসামির সংখ্যা পাঁচে দাঁড়াল। এর আগে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল, দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজ ওরফে মহিবুল্লাহ ওরফে অভিকে আসামি করা হয়েছিল।
মঙ্গলবার সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) রফিকুল আলমের কাছে দাখিল করা চার পৃষ্ঠার এই সম্পূরক অভিযোগপত্রে আবু জান্দালকে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিআইডি পরিদর্শক জুবায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ যাবতীয় জঙ্গি তৎপরতায় জান্দালের জড়িত থাকার পক্ষে তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা আবার তদন্তের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তে আবু জান্দালের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় সম্পূরক অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, "আবু জান্দাল নামটি একটি ছদ্মনাম। ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা আগেই এ নামটি পেয়েছিলাম। কিন্তু অভিযোগপত্রে (চার্জশিট) নাম ঠিকানা ছাড়া কাউকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আইনি বাধা থাকায় তাকে আসামি করা যায়নি। ১৪ ফেব্র"য়ারি আবু জান্দাল ওরফে মুফতি মঈন গ্রেপ্তার হওয়ায় সিআইডির উর্ধতন কর্তৃপক্ষ সিলেটের ঘটনা নিয়ে আবার তদন্তের নির্দেশ দেন। আমি তদন্ত করে হামলায় তার জড়িত থাকার বিষয়ে সত্যতা পাই। তাই তাকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে।"
২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জিয়ারত করে বের হওয়ার মূহূর্তে তার ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ অর্ধশত লোক আহত এবং একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপর ন্যস্ত হয় মামলা তদন্তভার।
২০০৬ সালের ৩ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল, দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজ গ্রেপ্তার হন। এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর ঢাকায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বিপুল ২০০৬ সালের ১৬ অক্টোবর সিলেটের তখনকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেনেড হামলার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুফতি হান্নান ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলায় ব্যবহৃত গ্রেনেড সরবরাহের করার কথা স্বীকার করেন।
আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান হামলার জ্য হরকাতুল জিহাদকে দায়ী এবং আটক চারজনকে অভিযুক্ত করে গত বছরের ৯ জুনে সিলেটের তখনকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পরিদর্শক জুবায়ের আহমদকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24