২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী অধিকার রক্ষায় নারী পুরুষকে সমান ভূমিকা রাখতে হবে'

নারী আন্দোলন কোনো বিচ্ছিন্ন বিষয় নয় মন্তব্য করে নারীনেত্রী আয়শা খানম বলেছেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় পুরুষকেও সমানভাবে সক্রিয় হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নারী আন্দোলন কোনো বিচ্ছিন্ন বিষয় নয় মন্তব্য করে নারীনেত্রী আয়শা খানম বলেছেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় পুরুষকেও সমানভাবে সক্রিয় হতে হবে। মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত 'জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮' বিষয়ক এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভানেত্রী উল্লিখিত মন্তব্য করেন। আয়শা খানম বলেন, "১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতি একটি বড় অর্জন ছিল। কিন্তু ২০০৪ সালে ওই নীতির কিছু মৌলিক বিষয়সহ সম্পদে নারী-পুরুষের সমান অংশীদারিত্ব এবং পারিবারিক ও উত্তরাধিকার আইনে পরিবর্তন আনা হয়। যেটি ছিল খুব দুঃখজনক। কিন্তু ধারাবাহিক প্রতিবাদ ও আন্দোলনের ফলে আমরা নীতির প্রায় সবকিছুই অপরিবর্তিত রাখতে পেরেছি।" নারীসমাজের দীর্ঘ আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮ অনুমোদন করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় আন্দোলন সম্পাদিকা রেখা চৌধুরী বলেন, "মহিলা পরিষদ শুরু থেকেই পরিবর্তনের জন্য আন্দোলন গড়ে তোলে। ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি ছিল বাংলাদেশ মহিলা পরিষদসহ দেশের আপামর নারী সমাজের বহু আন্দোলনের পর অর্জিত নীতিমালা।" সংশোধিত জাতীয় নারী উন্নয়ন নীতির মূল ধারাগুলো হচ্ছে নারীর মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণ, মেয়ে শিশুর প্রতি সব ধরণের বৈষম্য বিলোপ সাধন এবং সেজন্য প্রয়োজনীয় আইন প্রনয়ণ, নারীর প্রতি সকল নির্যাতন দূর করা, সহিংসতার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নারীর সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষা- প্রশিক্ষণ, ক্রীড়া ও সংস্কৃতি এবং জাতীয় অর্থনীতির সকল কর্মকাণ্ডে নারীর সক্রিয় ও সমঅধিকার নিশ্চিতকরণ, সহায়ক সেবা, নারীর রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি, গৃহায়ণ ও আশ্রয় নিশ্চিত করা ইত্যাদি। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান নীতিমালায় নারী সমাজের দাবি ও ৪০টি সংগঠনের সুপারিশের ভিত্তিতেই জাতীয় নারী উন্নয়ন নীতির মূলধারাগুলো তৈরি করা হয়েছে । সেগুন বাগিচার সুফিয়া কামাল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা মালেকা বানু, সহ-সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রেহেনা মাসুদা বেগমসহ অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/২০২৭ঘ.