ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইরাক ও আফগানিস্তানে হামলার জন্য মার্কিনিরা যে কারণ ও প্রমাণ দেখিয়েছে তার কোনও ভিত্তি নেই বলে মনে করেন মার্কিন যুদ্ধ বিষয়ক সাংবাদিক ব্রায়ান পালমার। সিএনএন'র হয়ে ওই দুটি যুদ্ধের সময় ঘটনাস্থল থেকে সংবাদ পরিবেশন করা এই সাংবাদিক বলেছেন, এটা চাপিয়ে দেওয়া যুদ্ধ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে 'নোটস ফ্রম অকুপেশন:ওয়ার এন্ড এথিকস অব জার্নালিজম' শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। ওই দুটি যুদ্ধের সময় ঘটনাস্থল থেকে সংবাদ পরিবেশনকারী বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্লোবালাইজেশন স্টাডি গ্র"প ও মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিএনএন ছাড়াও নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন পত্রিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে ব্রায়ান পালমারের। সিএনএন'র চাকরি ছেড়ে এখন তিনি মুক্ত সাংবাদিক ও প্রামাণ্য চিত্র নির্মাতা হিসেবে কাজ করছেন।
অনুষ্ঠানে পালমার বলেন, "এটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। যুদ্ধের কারণ হিসেবে যেসব প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে আমি সেগুলো বিশ্বাস করি না। এগুলোর কোনও ভিত্তি নেই।"
তিনি জানান, যুদ্ধের সংবাদ পরিবেশনের সময় তার তথ্যের মূল উৎস ছিল মার্কিন সেনাবাহিনী। সেনা বাহিনীর পক্ষ থেকে যা-যেভাবে বলা হতো তাকে সেভাবেই পরিবেশন করতে হতো। আর সেনাদের দেওয়া তথ্য বেশিরভাগ সময় সত্য না হলেও তিনি যদি এর বাইরে বাস্তব অবস্থার কিছুমাত্র পরিবেশন করতে চাইতেন তা করতে দেওয়া হতো না।
পালমার বলেন, "আমি যুদ্ধ বিধ্বস্ত দেশদু'টি থেকে যেসব ছবি ও ভিডিও নিয়ে এসেছি তার বেশিরভাগই সিএনএন এ প্রচার করা সম্ভব হয়নি।" সেইসব ভিডিও চিত্র ও ছবি দিয়ে 'ট্রথ জার্নি অব এ রিপোর্টার' একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করছেন তিনি।
যুদ্ধের সময় এমবেডেড সাংবাদিক হিসেবে কাজ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই মার্কিন সাংবাদিক বলেন, "আমি সেখানে গিয়েছিলাম মার্কিন সেনাদের সঙ্গে। সেনা সদস্যদের মতোই বুলেটপ্র"ফ জ্যাকেট, হেলমেট এইসব আমাকে পরতে হয়েছিল। সেনারা আমাকে আগলে রেখেছিল বিপদ থেকে। যখন একজন মানুষ কারও সঙ্গে ঘনিষ্ঠ হন তখন তার সঙ্গে একটা আবেগি সম্পর্কও তৈরি হয়ে যায়। কিন্তু সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আবেগ ইতিবাচক বিষয় নয়।"
পালমারের কথায় সুর মিলিয়ে আনিস আলমগীর বলেন, "যুদ্ধের সময় একজন সাংবাদিকের কিছু করার থাকে না। ইরাক যুদ্ধের সময় একদিকে মর্কিন শিবিরে মার্কিনিদের সরবরাহ করা আবর্জনা (তথ্য)গুলো পরিবেশন করছিলেন পালমারের মতো সাংবাদিকরা। আর ইরাকী সরকারের আশ্রয়ে থেকে হোটেলে বসে ইরাকী পররাষ্ট্র মন্ত্রীর সরবরাহ করা আবর্জনা (তথ্য)গুলো পরিবেশন করছিলাম আমি ও আমার মতো বিভিন্ন দেশের গণমাধ্যমের সাংবাদিকরা। বিধ্বস্ত জনপদে গিয়ে কেউই আসল অবস্থা তুলে আনতে পারছিল না।"
তিনি বলেন, "যুদ্ধের সময়ে এ ধরনের সাংবাদিকতা মেনে নেওয়া যায়। কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যখন সুযোগ রয়েছে তখনও 'এমবেডেড' সাংবাদিকতার চর্চা দুর্ভাগ্যজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/১৯৫৫ ঘ.
bdnews24