নরসিংদী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়পুরা উপজেলার দড়িসাপমারা গ্রামের রামনগর ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার মনির (৩০) ও রতন (৩২) নামের দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মনির বন্ধুকে নিয়ে এ গ্রামে তার শ্বশুর আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে খাওয়ার পর তারা বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে তাদের লাশ পাওয়া যায়।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলায় দাগ দেখে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
তিনি জানান, এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24