মোমেন মুনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জয়পুরহাট, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৭ বছরেও জয়পুরহাটের মুক্তিযোদ্ধা ফজলুল হকের ভাগ্যের উন্নয়ন হয়নি। অথচ চোখের সামনেই দেখেছেন চিিহ্ণত রাজাকার আব্দুল আলীম ও আব্বাস আলী খানের শনৈ শনৈ উন্নতি। তারা এমপি হয়েছেন, রাজনৈতিক দলের শীর্ষ পদে থেকেছেন; আর অস্তিত্বের সংগ্রামে ফজলুল হককে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। নিজের ভিটেটিও নেই; এখন মুক্তিযোদ্ধা ভাতায় কোনও রকমে দিন পার করছেন যুদ্ধাহত এ বীরযোদ্ধা। অস্ত্র হাতে যে দেশকে শত্র"মুক্ত করেছেন, যে সে দেশে এখন মাথা গোঁজার জন্য এক টুকরো মাটি চাইছেন তিনি। চাইছেন যুদ্ধাপরাধীদের বিচার।
নিজের ভিটে-মাটি হারিয়ে জয়পুরহাট জেলা সদরের বনক্ষুর গ্রামে শ্বশুর বাড়িতেই থাকছেন ফজলুল হক। সেখানেই তার সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি মোমেন মুনির। দুই ছেলে, ২ মেয়ের নিয়ে সংসারে অভাব-অনটন লেগেই আছে। রোগ-শোকেও কাতর এখন এ বীর মুক্তিযোদ্ধা।
একাত্তরের মে মাসে ৩০ বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দেন ফজলুল হক। ভারতের পশ্চিম দিনাজপুর জেলার কামারপাড়া ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীর হয়ে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে নামেন।
"মে মাসে কামারপাড়া ক্যাম্পে ট্রেনিং নিই। এরপর ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় শিলিগুড়ি ক্যাম্পে। সেখানে ট্রেনিং শেষে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।"
৭ নম্বর সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন স্থানে যুদ্ধ করেন ফজলুল হক। জয়পুরহাটের হাটখোলা, রামভদ্রপুর, পাগলা দেওয়ান, নওগাঁর ধামইরহাটে যুদ্ধের স্মৃতি রয়েছে তার। যুদ্ধের শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে লকমা এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধের সময় প্রতিপক্ষের গ্রেনেড বিস্ফোরণে ফজলুল হকের ডান পা উড়ে যায়। এরপর দীর্ঘদিন হাসপাতালে ছিলেন।
স্বাধীনতার পর বিভিন্ন স্থানে ধরনা দিয়েও কোনও লাভ হয়নি বলে জানালেন ফজলুল হক। কান্নাজড়িত কণ্ঠে বললেন, "স্বাধীনতার পর বিভিন্ন মহলে ধরনা দিয়েও কোনও লাভ না হওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে ভিক্ষা করেছিলাম। কোনও ভাতা পাইনি।"
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে ১৯৯৬ সাল থেকে ২ হাজার ৬০০ ভাতা পাওয়া শুরু করেন ফজলুল হক। বর্তমানে ভাতার পরিমাণ বেড়ে ৫ হাজার ২০০ টাকা হয়েছে। তবে নিজের চিকিৎসা খরচ, সংসার খরচ মিলিয়ে এটাও পর্যাপ্ত নয় বলে জানান তিনি।
"ডায়াবেটিস, হৃদরোগ, অ্যাজমায় ভুগছি। শুধু চিকিৎসার জন্যই মাসে আড়াই হাজার টাকা খরচ হয়ে যায়। বাকি টাকায় সংসার খরচ চালানো খুবই কঠিন।"
অভাবের সংসারে ফজলুল হকের সন্তানদের পড়াশোনা বেশিদূর এগোয়নি। দুই ছেলে জহুরুল ইসলাম ও আব্দুল আলীম দুজনেই রিকশা চালান।
আক্ষেপ করে ফজলুল হক বললেন, "সন্তানদের পড়ালেখা করাতে পারিনি বলে আজ তারা রিকশা চালিয়ে খায়। যে ভাতা এখন পাচ্ছি, তা আগে থেকে পেলে হয়তো তাদের লেখাপড়াটা অন্তত শেখাতে পারতাম।"
বৃদ্ধ বয়সে এসে আজ নিজের মাথা গোঁজার একটি ঠাঁই চান ফজলুল হক। যে দেশকে মুক্ত করতে জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, সে দেশে এক খণ্ড জমি চেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
চাইলেন যুদ্ধাপরাধীদের বিচারও। "৩৭ বছরেও চিহ্ণিত রাজাকার আব্দুল আলীম, আব্বাস আলী খানের বিচার হয়নি। জয়পুরহাটে বসে চোখের সামনেই তাদের উন্নতি দেখতে হয়েছে। সরকারের কাছে আবেদন জানাই, অবিলম্বে সব যুদ্ধাপরাধীদের যেন বিচার হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৮ ঘ.
bdnews24