ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে কমিশনের করা আপিলের শুনানি সোমবার শেষ হয়েছে। আপিল বিভাগ যে কোনো দিন এ বিষয়ে রায় দেবে।
সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলটির ওপর শুনানি শেষে 'রায় প্রদানের জন্য আপিলটি অপেক্ষমান থাকবে' বলে আদেশ দেয়া হয়।
শুনানিতে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "সাবেক প্রধানমন্ত্রীকে গত বছর ১৬ জুলাই গ্রেপ্তারের পরদিনই কমিশন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। অথচ নোটিশ দেয়ার আগে অনুসন্ধান বা তদন্ত করেনি তারা। বেআইনী ও উদ্দেশ্যমূলকভাবে এ নোটিশ দেওয়া হয়। এ নোটিশ অবৈধ।"
কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "আইন মেনেই শেখ হাসিনাকে নোটিশ দিয়েছে কমিশন।"
এ পর্যায়ে আদালত তার কাছে জানতে চান, নোটিশ দেওয়ার আগে কমিশনের করা তদন্ত বা অনুসন্ধানের কোনো প্রমাণ আছে কি না।
অ্যাটর্নি জেনারেল বলেন, "বিষয়টি প্রাসঙ্গিক নয়। শেখ হাসিনাকে কেবল নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এ ব্যাপারে কোনও মামলা হয়নি। তাই নোটিশ চাওয়ার আগে তদন্তের প্রশ্ন ওঠে না।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনাকে গ্রেপ্তারের সঙ্গে কমিশনের নোটিশের কোনো সম্পর্ক নেই। কারণ দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান।"
গত বছর ১৭ জুলাই কমিশন শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। ৫ আগস্ট হাসিনা ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর হাইকোর্ট কমিশনের দেওয়া নোটিশ অবৈধ ও বাতিল ঘোষণা করে। কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ১০ জানুয়ারি আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে আপিল বিভাগ।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৮২০ঘ.
bdnews24