ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের বাজার সহনীয় করতে আমদানির ওপর জোর দিয়েছেন খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী।
তিনি বলেছেন, "বাজারে পর্যাপ্ত চাল থাকলেও দাম সহনীয় পর্যায়ে নেই। এ সমস্যার সমাধানে 'স্বল্প সময়ে' চাল আমদানি করতে হবে। সরকার ইতোমধ্যেই আমদানির প্রক্রিয়া শুরু করেছে।"
সোমবার জাতীয় প্রেসক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত 'বাংলাদেশে খাদ্য নিরাপত্তা' শীর্ষক সেমিনারে উপদেষ্টা এ কথা বলেন।
শওকত আলী বলেন, "আপদকালীন সরকারি মজুদ হিসাবে কমপক্ষে ১০ লাখ টন থাকতে হবে। এর নিচে নামা যাবে না। এ ১০ লাখ টন হল আমাদের লক্ষ্যমাত্রা, যা অর্থ বছরের শুরুতে থাকতে হবে। পরে কম-বেশি হতে পারে।"
বর্তমানে সরকারের ভাণ্ডারে ৫ লাখ টনের ওপর খাদ্য মজুদ আছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, মঙ্গলবার থেকে প্রতিদিন এর সঙ্গে আরও সাত থেকে আট হাজার টন যোগ হবে।
উপদেষ্টা জানান, চলতি বছর এ পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে ২৯ লাখ টন চাল ও গম আমদানি করা হয়েছে। আগামী জুনের মধ্যে এ আমদানি ৪০ লাখ টনে দাঁড়াবে।
তিনি বলেন, "বাংলাদেশে চালের বার্ষিক উৎপাদন আড়াই কোটি টনের মত হলেও এর ৪০ থেকে ৪৫ শতাংশ বাজারে আসে। বাকি অংশ কৃষকদের ঘরে থেকে যায়। তবে ধনী কৃষকরা ঘরে চাল রাখতে পারলেও প্রান্তিক কৃষকরা পারে না। আর সরকারের হাতে যদি মজুদ না থাকে, তাহলে গরিব মানুষদের খাদ্য নিরাপত্তা দেওয়া যায় না।"
বাজার ব্যবস্থা সম্পর্কে উপদষ্টা বলেন, এ বিষয়ে পর্যবেক্ষণ ও প্রাক মূল্যায়ন ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য মৌসুমী পতিত জমি চিহ্নিত করে চাষাবাদের জন্য কৃষকদের যথা সম্ভব সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।
শওকত আলী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য স্বল্পমেয়াদি কৌশলের পাশাপাশি দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ণ করতে হবে।
সেমিনারে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "সরকারি গুদামে ১০ লাখ টন খাদ্য মজুদ থাকলে বাজারের এ পরিস্থিতি হতো না। বর্তমানে আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সবার সহায়তা করা উচিত বলে আওয়ামী লীগ নেতা মন্তব্য করেন।
সেমিনারের মূল প্রবন্ধে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ'র গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান জানান, বাংলাদেশে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ ঠিক মতো পুষ্টি পাচ্ছে না।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ব্যবসায়ী টিপু সুলতান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/আরএ/এমআই/১৭৩৯ ঘ.
bdnews24