ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে কারা অন্তরীণ শেখ হাসিনা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বলে দাবি করেছে সরকার। তবে তাকে দেশে নাকি বিদেশে চিকিৎসা দেওয়া হবে সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তবে এ ব্যাপারে এখনও কিছু তারা জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শেখ হাসিনার বিশেষ সহকারি হাসান মাহমুদ।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তবে আমরা তাকে স্বাগত জানাই। আশা করবো পরে শেখ হাসিনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে।"
কারা মহাপরিদর্শক সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে সাক্ষাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা অঞ্চলের কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী।
সাক্ষাৎ শেষে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় খুব শিগগিরই হাসিনাকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া হবে। সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষার পর কোথায় তার চিকিৎসা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "তাকে একবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদি তিনি সেখানে ভর্তি হতে চান তাহলে সেখানেই ভর্তি করা হবে। এ ছাড়া যদি তার পছন্দের কোনো হাসপাতাল থাকে সেখানেও তাকে ভর্তি করা হতে পারে।"
স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিকেল বোর্ড গঠন করা হবে কি না- এ প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বলেন, "হাসপাতালে ভর্তির পর সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউএম/এএল/জিএনএ/এমআই/১৪২৭ ঘ.
bdnews24