ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সোহরাওয়ার্দী উদ্যানের ২৫ একর জায়গা গলফ খেলার জন্য ঢাকা ক্লাবকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানাতে আদেশ দিয়েছে হাইকোর্ট।
পূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা সিটি কর্পোরেশনকে আগামী সাত দিনের মধ্যে এর কারণ জানাতে হবে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং আইন ও সালিশ কেন্দ্রের জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এই আদেশ দেন।
বেলার আবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগরের মাস্টার প্লান অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানকে অমূল্য প্রাকৃতিক সম্পদ (হেরিটেজ) হিসাবে উল্লেখ করা হয়েছে। এই উদ্যানে গলফ খেলা হলে পরিবেশ ও ঐতিহ্যগত ভারসাম্য নষ্ট হবে। জনসাধারন অবাধে চলাফেরা বাধাগ্রস্ত হবে।
এতে আরও বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের জায়গা গলফ খেলার জন্য বরাদ্দ দেওয়া 'উন্মুক্ত স্থান, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থী'।
বেলার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইনায়েতুর রহিম।
গতবছর ১৮ জুন গণপূর্ত অধিদপ্তর সোহরাওয়ার্র্দী উদ্যানের ২৫ একর জায়গা গলফ খেলার জন্য ঢাকা ক্লাবকে ৯৯ বছরের জন্য বরাদ্দ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০২৩ ঘ.
bdnews24