২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাসিনার লিভ টু আপিল

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিভ টু আপিল দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিভ টু আপিল দায়ের করেছেন। হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই লিভ টু আপিল দায়ের করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, "সোমবার এ আপিলটি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হতে পারে।" গত ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। এই রায় স্থগিতের জন্য শেখ হাসিনা আপিল বিভাগের আবেদন জানালে চেম্বার জজের আদালত গতবছরের ১০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছিল। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই স্থিতাবস্থার মেয়াদ আর বাড়ায়নি। এর ফলে নিম্ন আদালতে মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ ৫ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয়ে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সাচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের মার্চ মাসে শেখ হাসিনা এ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০১০ ঘ.