নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বন্দর উপজেলায় একই রাতে পৃথক দুটি ঘটনায় তিনজন খুন হয়েছেন। শনিবার সকালে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিন জনকে।
নিহতরা হলেন- শাহী মসজিদ খালপাড় এলাকায় সোনিয়া (২৫) ও তার দুই বছর বয়সী ছেলে সজল। অপর জন হলেন- এস এম মালেক রোডের অবস্থিত আল জয়নাল প্লাজার লিফট অপারেটর নেকবর আলী বাদশাহ (৪০)।
সোনিয়ার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঢালীপাড়া। বন্দর উপজেলার জামাইপাড়ায় তার বাবা মা থাকেন। তিন বছর আগে হোসিয়ারি শ্রমিক করিমের সঙ্গে তার বিয়ে হয়। ঘটনার পর থেকে করিম পলাতক।
সোনিয়ার মা মমতাজ বেগমের অভিযোগ, করিম তার মেয়ে ও নাতিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। সোনিয়াকে প্রায়ই মারধর করতো করিম। তাই সোনিয়া তার কাছেই ছিল। আর মারধর করবে না এই অঙ্গীকার করে করিম নতুন বাসা ভাড়া করে শুক্রবার রাত ১০ টায় সন্তানসহ সোনিয়াকে নিয়ে যায়।
সোনিয়ার বড় বোন রীনা বেগম অভিযোগ করেন, পরকীয় প্রেমের জের হিসেবে করিম পরিকল্পিতভাবে তার বোন ও ছেলেকে হত্যা করে পালিয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ জানান, মা ও ছেলেকে কি কারণে কারা খুন করেছে পুলিশ এখনও তা নিশ্চিত হতে পারেনি। স্বামী করিমকে গ্রেপ্তার করা হলে সব জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য পলাতক করিমের ভাই সালাহউদ্দিন ও বোন আলেয়াকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সোনিয়ার মা মমতাজ বেগম বন্দর থানায় মামলা করেছেন।
অপরদিকে ইস্পাহানি ডকইয়ার্ড এলাকা থেকে উদ্ধার করা হয় জয়নাল প্লাজার লিফট অপারেটর নেকবর আলী বাদশাহর (৪০) লাশ। তিনি উপজেলার নবীগঞ্জ গুলবাগ এলাকার কলাপাড়ার আকবর আলীর ছেলে।
বন্দর থানার ওসি জমিরউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় বাদশাহর স্ত্রী সেলিনা একটি মামলা করেছেন। নিহতের পরিবারের অভিযোগ- জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে বাদশাহকে হত্যা করা হয়েছে।
জিজ্ঞাবাদের জন্য ফারুক (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24