ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর নয়াবাজারে অভিযান চালিয়ে শুক্রবার রাতে দুটি আগ্নেয়াস্ত্রসহ ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ১০ এর সহকারী পুলিশ সুপার এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নয়াবাজারের সামসাবাদ লেনের ৩৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ইস্পাতের শিট ব্যবসায়ী ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে দোতলায় তার ঘরে তল্লাশী করে দুটি আগ্নেয়াস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, অস্ত্র দুটির মধ্যে একটি ওয়ান শ্যুটার গান এবং অন্যটি পিস্তল। ওই বাসা থেকে অস্ত্র তৈরির কিছু সরঞ্জামও উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
এনামুল কবির বলেন, "ইমরান জিজ্ঞাসাবাদে আমাদের বলেছে, তার রাজনৈতিক বড় ভাইরা মাঝেমধ্যে তার কাছে অস্ত্র রাখতে দেয়। তবে আমাদের ধারণা সে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩১৬ ঘ.
bdnews24