কুড়িগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল্লাহর দল প্রধান এবং নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কথিত বর্তমান নেতা মতিন মেহেদীর সহযোগী দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে নাসিরুল হক বিটু (৪০) ও এস এম হাফিজুর রহমান রাজু (৪২) নামের এই দুই জঙ্গিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বহুলগুঁরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এরা দু'জনেই একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
ভূরুঙ্গমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম দুই জঙ্গিকে গ্রেপ্তারের সততা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বছরের ১৮ এপ্রিল মধ্যরাতে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকা থেকে মতিন মেহেদীসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ এপ্রিল একটি মামলা হয় কুড়িগ্রাম সদর থানায়। এদের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৪২ জঙ্গিকে সনাক্ত করার পর মোট ৪৬ জনকে এই মামলার আসামি করা হয়।
এরপর সেপ্টেম্বর মাসে ৪৬ জনের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকী ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন অভিযোগপত্রের ২০ এবং ২১ নম্বর আসামি।
জেএমবির কথিত বর্তমান প্রধান মতিন মেহেদী ২০০৫ সালের ১৭ আগস্ট ঝিনাইদহে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24