২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের দূর্নীতি কিছুটা হলেও কমেছে: আইজিপি

পুলিশের দুর্নীতি কিছুটা হলেও কমেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নুর মোহাম্মদ। তিনি বলেন, "পুলিশের দূর্নীতি দমনে আমরা কেবল চেষ্টা করে যাচ্ছি। কতটুকু সফলতা পাওয়া গেছে তা দেশের মানুষই বলতে পারবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

কক্সবাজার, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের দুর্নীতি কিছুটা হলেও কমেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নুর মোহাম্মদ। তিনি বলেন, "পুলিশের দূর্নীতি দমনে আমরা কেবল চেষ্টা করে যাচ্ছি। কতটুকু সফলতা পাওয়া গেছে তা দেশের মানুষই বলতে পারবেন।" শুক্রবার দুপুরে নবনির্মিত কক্সবাজার পুলিশ লাইনে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নূর মোহাম্মদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনদিনের সফরে তিনি শুক্রবার সকালে কক্সবাজার এসেছেন। আইজিপি বলেন, "পুলিশে সংস্কার কার্যক্রমটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এলাকায় এলাকায় পরামর্শক দল পাঠানো হয়েছে।" তিনি বলেন, কক্সবাজার জেলাটিই যেহেতু পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠছে। প্রতিনিয়তই এখানে পর্যটকরা আসছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করাও দরকার। তিনি বলেন, টুরিষ্ট পুলিশ নামে একটি শাখা গঠনের প্রস্তাবনা রয়েছে। তা সরকারের কাছে তুলে ধরা হবে। সরকার যদি মনে করে এখনই টুরিষ্ট পুলিশিং চালু করা দরকার তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে নুর মোহাম্মদ বলেন, "পুলিশকে জনগণের কাছাকাছি যেতে হবে। পুলিশ হবে জনবান্ধব। তারা মানুষের কথা শুনবে আর মানুষের সেবা করবে।" এসময় উপস্থিত ছিলেন পুলিশের উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম) একেএম শহিদুল হক ও কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার। অনুষ্ঠানে জেলা পুলিশের দেড় শতাধিক পুলিশ কর্মকর্তা অংশ নেন। কক্সবাজার পুলিশ সুপার বনজ কুমার মজুমদার জানান, শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ ব্যারাকে আইজিপি নূর মোহাম্মদকে সংবর্ধনা দেবে কমিউনিটি পুলিশ। শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পুলিশের পরিদর্শন টাওয়ার উদ্বোধন এবং পরে মহেশখালী আদিনাথ মন্দির পরিদর্শন করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.