২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মেঘনা তীর সংরক্ষণে সিসি ব্লক তৈরির কাজ দেখলেন পানিসম্পদ উপদেষ্টা

কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা শহর রক্ষা প্রকল্পের আওতায় নাছির মাঝি কোড়ারহাট এলাকায় মেঘনার তীর সংরক্ষণের জন্য সি সি ব্লক তৈরির কাজ পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ভোলা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা শহর রক্ষা প্রকল্পের আওতায় নাছির মাঝি কোড়ারহাট এলাকায় মেঘনার তীর সংরক্ষণের জন্য সি সি ব্লক তৈরির কাজ পরিদর্শন করেছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, "ঠিকাদার যে দরেই কাজ নিক না কেন তাদের কাছ থেকে শতভাগ কাজ আদায় করে নিতে হবে।" স্থানীয় জনতার দাবির পরিপ্রেক্ষিতে তুলাতলী থেকে শিবপুর পর্যন্ত মেঘনার তীর সংরক্ষণের অবশিষ্ট কাজও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে তিনি জানান। তিনি জেলেদের প্রতি জাটকা ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞা মেনে মেনে চলার আহ্বান জানান। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, সরকার ভর্তুকি মূল্যে ইউনিয়ন থেকে এখন ওয়ার্ড পর্যায়ে সার পৌঁছে দিচ্ছে। সকলকে আরও বেশি করে ফসল ফলাতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, "কৃষক আর কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ।" উপদেষ্টা মেঘনা তীর সংরক্ষণের জন্য তৈরি সিসি ব্লক দেখেন এবং কাজের মানে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রকৌশলীদের কাজের মানের ব্যাপারে কোন আপোষ না করার পরামর্শ দেন। এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন পাউবোর মহাপরিচালক মোজাদ্দক আলী ফারুক, অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী ড. আবু তাহের খন্দকার, ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, নির্বাহী প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা, পাউবো প্রকৌশলীরাও এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.