পাবনা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের শ্যালক ও পাবনা চেম্বারের সহসভাপতি মাহবুব উল আলম মুকুলের বাসায় অভিযান চালিয়েছে গুরুতর অপরাধ তদন্ত বিষয়ক জাতীয় টাস্কফোর্সের একটি বিশেষ দল। বুধবার রাতে তারা এ অভিযান চালায়। মাহবুব উল আলম মুকুলের বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তবে এ সময় মুকুল বাসায় ছিলেন না।
টাস্কফোর্সের বগুড়া অঞ্চলের সমন্বয়কারী এবং অভিযানকারী দলের সদস্য মেজর সুমন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে টেলিফোন সংযোগে দেওয়া নিয়ে দুর্নীতি, পুলিশে লোক নিয়োগ, ঢাকায় জমি দখলসহ ক্ষমতার প্রভাব খাটানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স বগুড়া অঞ্চলের সমন্বয়কারী মেজর সুমন, মেজর মুনির ও র্যাবের সহকারী পরিচালক ওসমান শফি এবং দুর্নীতি দমন কমিশনের একজন উপ-পরিচালকের সমন্বয়ে চার সদস্যের একটি দল বুধবার রাতে মুকুলের রাধানগরের বাসায় যায়।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে এবং দুপুরে পাবনা শহরের এ আর প্লাজায় অবস্থিত মুকুলের মালিকানাধীন আলম ফটোষ্ট্যাট, আওরঙ্গজেব সড়কে অবস্থিত আলম ফার্মেসিতে যায় টাস্কফোর্সের ওই দলটি। তবে এ সময় মুকুল সেখানে ছিলেন না।
এ ব্যাপারে মাহবুব উল আলম মুকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাস্কফোর্সের একটি দল তার বাসা, ফটোষ্ট্যাটের দোকান এবং ওষুধের দোকানে এসেছিল। চা বিস্কুট খেয়ে চলে গেছে। তবে তার সঙ্গে কোন কথা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24