ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে আত্মীকৃত সাবেক দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের দক্ষতা ও কমিশনের আইন প্রয়োগের কৌশল নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছেন দু'জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরা হলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন ও রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান ড. আকবর আলি খান।
সা'দত হুসাইন বলেছেন, দুর্নীতি দমন কমিশনে পুনর্বাসিত সাবেক দুর্নীতি দমন ব্যুরোর কিছু কর্মকর্তা মামলা করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ না করায় বড় বড় দুর্নীতিবাজদের কেউ কেউ মামলা থেকে পার পেয়ে যেতে পারেন।
অন্যদিকে আকবর আলি খান বলেছেন, কমিশন এখন জরুরি আইনের আওতায় দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু জরুরি অবস্থা উঠে গেলে তাদের এই অভিযান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে।
বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ- এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রাজধানীর হোটেল গোল্ডেন ডিয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কমিশনে আত্মীকৃত সাবেক ব্যুরোর কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে সা'দত হুসাইন বলেন, "ওইসব কর্মকর্তা মামলা করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করেননি। এ কারণে কমিশন উচ্চ আদালতে গিয়ে মামলায় হেরে যাচ্ছে। "
এ অবস্থা চলতে থাকলে সাবেক দুর্নীতি দমন ব্যুরোর সঙ্গে তার উত্তরসূরী দুর্নীতি দমন কমিশনের কোনো তফাত থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
সা'দত হুসাইন বলেন, ব্যুরোর সময়কার কর্মকর্তাদের ত্র"টির কারণে সরকার কোনো মামলায় হেরে গেলে সেই ব্যর্থতার দায় বর্তমান কমিশনের ওপরই বর্তাবে।
ওইসব কর্মকর্তাকে কমিশনে অন্তর্ভুক্ত করাই ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
কমিশনকে শিগগিরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে জানিয়ে আকবর আলি খান বলেন, "কমিশন এখন জরুরি আইনের আওতায় দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু জরুরি অবস্থা উঠে গেলে কমিশন কীভাবে তাদের অভিযান চালাবে?"
এ অবস্থায় দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কমিশনের সাধারণ আইনে মামলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন যদি শুরু থেকেই প্রচলিত আইনে মামলা চালাতো তাহলে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো এখন অনেক বেশি কার্যকর হতো।"
কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে সৎ কর্মকর্তা নিয়োগের ওপরও গুরুত্ব দেন তিনি।
২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (বিএসি) বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এসকে/১৯৫৩ ঘ.
bdnews24